ইন্ডিয়ায় পুলিশের গুলিতে বহু হতাহত
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ২১ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১০:৫৪
ইন্ডিয়ায় বিতর্কিত মুসলিমবিরোধী নাগরিকত্ব আইনের বিরুদ্ধে চলমান বিক্ষোভে পুলিশের গুলিতে বহু মানুষ হতাহত হয়েছে বলে জানা গেছে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর খবর অনুযায়ী, আন্দোলনের শুরু থেকে এ পর্যন্ত কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন দেশটির বিভিন্ন রাজ্যে। আহত হয়েছেন শত শত মানুষ। সবশেষ গত বৃহস্পতিবার পুলিশের গুলিতে তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এদিন আটক করা হয়েছে কয়েক হাজার বিক্ষোভকারীকে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ও বিবিসির প্রতিবেদনে বলা হয়, ব্যাঙ্গালুরুতে দু’জন ও লক্ষে্ণৗয়ে একজন গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। এই ঘটনার পর ব্যাঙ্গালুরুতে ইন্টারনেট বন্ধ রেখেছে প্রশাসন। জারি করা হয়েছে কারফিউ। এছাড়া দেশটির রাজধানী দিল্লিতেও মিছিল মিটিং নিষিদ্ধ করা হয়েছে। যদিও আন্দোলনকারীরা পুলিশি নিষেধাজ্ঞা উপেক্ষা করে বিতর্কিত আইন বাতিলের দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছেন। বাংলাদেশ, আফগানিস্তান ও পাকিস্তান থেকে নিপীড়নের মুখে ভারতে পালিয়ে যাওয়া হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি ও খ্রিস্টানদের নাগরিকত্ব নিশ্চিতে সম্প্রতি আইন সংশোধন করেছে ভারত। গত ১২ ডিসেম্বর রাতে প্রেসিডেন্টের স্বাক্ষরের পরেই আইনে পরিণত হওয়া বিলটি শুরু থেকেই মুসলিমবিরোধী আখ্যা পেয়েছে। বিতর্কিত এই আইন প্রত্যাহারের দাবিতে দেশজুড়ে সরব একাধিক রাজনৈতিক দল। চলছে দফায় দফায় বিক্ষোভ। এনডিটিভি জানায়, ইতোমধ্যে ম্যাঙ্গালুরুতে কারফিউ জারি করা হয়েছে। পুলিশের দাবি, বিক্ষোভকারীরা মেঙ্গালুরু নর্থ থানা দখল করতে এলে গুলি চালানো হয়। বৃহস্পতিবার সবচেয়ে উত্তাল হয়ে উঠেছিল লক্ষে্ণৗ। পরিস্থিতি প্রশাসনের হাতের বাইরে চলে যায়। থানায় আগুন, পুলিশের গাড়ি ভাঙচুর এমনকি সংবাদমাধ্যমের ওবি ভ্যানে আগুন লাগানোও বাদ যায়নি। পাল্টা লাঠিচার্জ করে পুলিশ, কাঁদানে গ্যাসের সেলও নিক্ষেপ করা হয়। দুপুরে পুলিশের গুলিতে বেশ কয়েকজন বিক্ষোভকারী আহত হয়। পরে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে একজনের মৃত্যু হয়।

