ইরাকে মার্কিন সেনা আবাসনে ক্ষেপণাস্ত্র হামলা
উত্তরদক্ষিণ অনলাইন । ০৫ জানুয়ারি ২০২০ । আপডেট ১৩:৩২
মার্কিন ড্রোন হামলায় ইরানের শীর্ষ জেনারেল সোলেমানি নিহত হওয়ার একদিন পর শনিবার (৪ জানুয়ারি) ইরাকের রাজধানীর গ্রিনজোনে মার্কিন সেনাদের আবাসনে দুইটি রকেট আঘাত হেনেছে। তবে ওই হামলায় হতাহতের কোনও তথ্য পাওয়া যায়নি।
এর আগের দিন শুক্রবার (৩ জানুয়ারি) মার্কিন ড্রোন হামলায় ইরানের কমান্ডার জেনারেল কাশেম সুলাইমানি, ইরাকের প্যারামিলিটারি ফোর্সের প্রধান আবু মাহদি আল মুহান্দিস এবং ইরান ও ইরাকের কয়েকজন কর্মকর্তা নিহত হয়েছেন। নিরাপত্তা সূত্র জানায়, শনিবার সন্ধ্যায় বাগদাদের কড়া নিরাপত্তা এলাকা গ্রিনজোনে ক্ষেপণাস্ত্র হামলা হয়, সেখানে মার্কিন দূতাবাস অবস্থিত।
ইরাকের সামরিক বাহিনী জানায়, একটি রকেট গ্রিনজোনের ভেতরে আঘাত হেনেছে। অপরটি জোনের কাছে পতিত হয়েছে। এএফপির খবরে বলা হয়, হামলার সময় দূতাবাস চত্বরে সতর্কতামূলক সাইরেন বাজানো হয়।

