শর্ত ছাড়াই ইরানের সঙ্গে আলোচনায় রাজি আমেরিকা

শর্ত ছাড়াই ইরানের সঙ্গে আলোচনায় রাজি আমেরিকা

উত্তরদক্ষিণ অনলাইন । ০৯ জানুয়ারি ২০২০ । আপডেট ১৬:২২

আমেরিকা বলছে, তারা ইরানের সাথে কোনও শর্ত ছাড়াই আলোচনা করতে প্রস্তুত আছে। জাতিসংঘে দেয়া এক চিঠিতে আমেরিকা কাসেম সোলেইমানিকে হত্যার যুক্তি তুলে বলেছে, নিজেদের রক্ষা করার জন্যই এ কাজ করা হয়েছে। সোলেইমানি হত্যার জবাবে স্থানীয় সময় গত মঙ্গলবার রাতে ইরাকে অবস্থিত দুটি মার্কিন ঘাঁটিতে একের পর এক মিসাইল হামলা চালিয়েছে ইরান। এতে ৮০ জন মার্কিন সেনা নিহত হওয়ার খবর দিয়েছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন। তবে আমেরিকান সৈন্যদের কোনও ক্ষতি হয়নি বলে দাবি করা হয়েছে পেন্টাগনের পক্ষ থেকে। ওই হামলার পর ইরানও জাতিসংঘে বলেছে যে, নিজেদের রক্ষার জন্যই ইরাকে মার্কিন ঘাঁটিতে মিসাইল হামলা চালানো হয়েছে। এ খবর বিবিসির।

মার্কিন চিঠিতে কী বলা হয়েছে?: জাতিসংঘ নিরাপত্তা পরিষদে দেয়া এক চিঠিতে জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত কেলি ক্র্যাফট বলেছেন, ইরানের দ্বারা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা যাতে হুমকির মুখে না পড়ে এবং উত্তেজনা যাতে বৃদ্ধি না পায় সেজন্য আমেরিকা আলোচনা করতে তৈরি আছে। সোলেইমানি হত্যাকাণ্ড সঠিক পদক্ষেপ ছিল বলেও মার্কিন চিঠিতে বলা হয়।

জাতিসংঘ সনদের ৫১ ধারায় বলা হয়েছে, কোনও রাষ্ট্র যদি নিজেদের রক্ষার জন্য পদক্ষেপ নেয়, তাহলে সেটি দ্রুত জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে অবহিত করতে হবে। সেই শর্ত অনুযায়ী মার্কিন চিঠিতে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে নিজেদের সৈন্য এবং স্বার্থ রক্ষার জন্য আমেরিকা প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত ব্যবস্থা নেবে।

অন্যদিকে জাতিসংঘ সনদের ৫১ ধারা উল্লেখ করে ইরানও চিঠির মাধ্যমে মার্কিন ঘাঁটিতে হামলার যৌক্তিকতা তুলে ধরেছে নিরাপত্তা পরিষদকে। জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত মাজিদ তখত রাভানচি এক চিঠিতে জানিয়েছেন, ইরান কোনও যুদ্ধ কিংবা উত্তেজনা বাড়াতে চায় না। মার্কিন ঘাঁটিতে সুনির্দিষ্ট এবং যথাযথ সামরিক পদক্ষেপের মাধ্যমে ইরান আত্মরক্ষার চেষ্টা করেছে বলে জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত। রাভানচি বলেন, এই অভিযান ছিল সুনির্দিষ্ট সামরিক পদক্ষেপ। এর মাধ্যমে সামরিক ছাড়া কোনও বেসামরিক মানুষ এবং তাদের সম্পদের কোনও ক্ষতি হয়নি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading