রাজবাড়ীতে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে নিহত ৫
উত্তরদক্ষিণ অনলাইন । ১২ জানুয়ারি ২০২০ । আপডেট ২২ঃ২০
রাজবাড়ীতে বাসের সঙ্গে মাহেন্দ্রর মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এছাড়া এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। আহ্লাদিপুর হাইওয়ে থানার ওসি মাসুদ পারভেজ জানান, সদর উপজেলার খানখানাপুর ছোট ব্রীজ এলাকায় খুলনা-দৌলতদিয়া মহাসড়কে আজ রবিবার বিকাল সাড়ে ৩টার দিকে হতাহতের এ ঘটনা ঘটে। পুলিশ তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-ধাম বলতে পারেনি। আহত দুইজন হলেন মাহেন্দ্র চালক ফরহাদ মিয়া ও ফরিদপুরের বোয়ালমারী উপজেলার বাসিন্দা কালীপদ শীল।
স্থানীয়রা জানান, ঢাকা থেকে খুলনাগামী গ্রিন লাইনের একটি বাস খানখানাপুর ছোট ব্রিজ অতিক্রম করার সময় মাহেন্দ্রর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। মাহেন্দ্রটি দৌলতদিয়া থেকে গোয়ালন্দ মোড় যাচ্ছিল। সংঘর্ষে ঘটনাস্থলেই মাহেন্দ্রর চালক ও চার যাত্রী নিহত হন। এছাড়া এ দুর্ঘটনায় দুইজন আহত হন। তাদের রাজবাড়ী ও ফরিদপুরের হাসপাতালে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে। দুর্ঘটনার পর প্রাথমিকভাবে এলাকাবাসী উদ্ধারকাজ শুরু করেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসকর্মীরা তাদের সঙ্গে যোগ দেন। ওসি মাসুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এখনও উদ্ধারকাজ চলছে। পুলিশ বাসটি আটক করেছে। তবে চালক পালিয়ে গেছেন।

