টেনিসকে বিদায় বললেন শারাপোভা
উত্তরদক্ষিণ অনলাইন । ২৭ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৮ঃ০১
কিছুদিন আগেই অবসরের ইঙ্গিত দিয়েছেন পাঁচবারের গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন মারিয়া শারাপোভা। আর তার কিছুদিনের মধ্যেই অবসরের ঘোষণা দিলে নমাত্র ৩২ বছর বয়সের এ টেনিস তারকা। সম্প্রতি ‘ভোগ’ এবং ‘ভ্যানিটি ফেয়ার’ ম্যাগাজিনে লেখা নিবন্ধে কাঁধের ইনজুরি নিয়ে নিজের দুর্ভোগের বর্ণনা দিয়েছিলেন শারাপোভা। এরপর বুধবার (২৬ ফেব্রুয়ারি) অবসর গ্রহণের কথা জানালেন এই রাশিয়ান টেনিস সুন্দরী।
২০০৪ সালে মাত্র ১৭ বছর বয়সে উইম্বলডনে নিজের প্রথম গ্র্যান্ড স্ল্যাম জেতার স্বাদ পান শারাপোভা। এরপর ২০১২ সালে চার মেজর শিরোপা জিতে ক্যারিয়ার স্ল্যাম পূর্ণ করেন তিনি। ২০১৬ সালে ডোপ টেস্টে পজিটিভ প্রমাণিত হওয়ায় ১৫ মাস নিষিদ্ধ হন শারাপোভা। এরপর নিষেধাজ্ঞা কাটিয়ে ২০১৭ সালে ফিরলেও টানা ইনজুরির কারণে আর পুরনো ফর্ম খুঁজে পাননি।
ইনজুরির কারণে শারাপোভার ক্যারিয়ারের সর্বনাশের চূড়ান্ত হওয়ার পর তার র্যাংকিং নেমে যায় ৩৭৩-এ, যা ২০০২ সালের আগস্টের পর তার ক্যারিয়ারের সর্বনিম্ন। এরপর টানা তিন গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিতে হয় তাকে।
নিজের অবসরের ঘোষণা দিয়ে শারাপোভা বলেন, ‘আমি এক্ষেত্রে (অবসর) আমি নতুন, তাই ক্ষমা চেয়ে নিচ্ছি। টেনিস, আমি বিদায় বলে দিচ্ছি।’

