কোরানা মোকাবিলায় শ্রীলঙ্কায় কারফিউ, নির্বাচন স্থগিত
উত্তরদক্ষিণ অনলাইন । ২০ মার্চ ২০২০ । আপডেট ২০:৩০
কোভিড-১৯ জীবাণুবাহী নভেল করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে শ্রীলঙ্কাজুড়ে কারফিউ জারি করা হয়েছে। একইসঙ্গে স্থগিত করা হয়েছে দেশটির পার্লামেন্ট নির্বাচন। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, তিনদিনে শ্রীলঙ্কায় আক্রান্তের সংখ্যা দ্বিগুণ বেড়ে ৬৫ জন হয়েছে। এমন প্রেক্ষাপটে শুক্রবার (২০ মার্চ) দেশটির প্রেসিডেন্টের দপ্তর থেকে কারফিউ ও নির্বাচন স্থগিত রাখার ঘোষণা আসে। ঘোষণায় বলা হয়, শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত পুরোদেশে কারফিউ বলবৎ থাকবে। স্থানীয় গণমাধ্যম কলম্বোপেইজের খবরে বলা হয়, কারফিউয়ের মধ্যে কেবল গণপরিবহন ও জরুরি সেবার যানবাহন চলাচল করতে পারবে। বিমানবন্দরগামী যাত্রীদের ক্ষেত্রে বিমান টিকেট দেখাতে হবে।
অপরদিকে আগামী এপ্রিলে নির্ধারিত শ্রীলঙ্কার পার্লামেন্ট নির্বাচন স্থগিত করে দিয়েছে দেশটির নির্বাচন কমিশন-ইসি।
বিবিসির খবরে বলা হয়, প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে নির্বাচন পেছানোর পক্ষে ছিলেন না। তিনি আশা করছিলেন, নির্বাচন হলে তার দল দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পাবে, তাতে সংবিধান পরিবর্তন করার সুযোগ পাবেন তিনি। কিন্তু নির্বাচন কমিশন করোনা পরিস্থিতি বিবেচনায় নিয়ে নির্বাচন স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়।
জানা গেছে, গত কয়েক দিনে করোনাভাইরাসের প্রাদুর্ভাব আরও খারাপের দিকে যাওয়ায় শ্রীলঙ্কার পরিস্থিতি শেষ পর্যন্ত ইতালির মতো হতে পারে বলে সতর্ক করে দেশটির সরকারি চিকৎসকরা। এরপরই ভোট স্থগিত করার সিদ্ধান্ত জানায় নির্বাচন কমিশন।

