বিশ্বে আক্রান্ত ৪.২০ লাখ, মৃত্যু ২০ হাজার

বিশ্বে আক্রান্ত ৪.২০ লাখ, মৃত্যু ২০ হাজার

উত্তরদক্ষিণ অনলাইন । ২৫ মার্চ ২০২০ । আপডেট ১৩:৩০

আমেরিকার জন হপকিন্স ইউনিভার্সিটির পরিসংখ্যান বলছে, সারা বিশ্বে করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ৪ লাখ ২০ হাজারের বেশি মানুষ। আর মৃতের সংখ্যা প্রায় ২০ হাজারের কাছাকাছি।

করোনাভাইরাসের সংক্রমণ মহামারী আকারে ছাড়িয়ে পড়া ঠেকাতে ইন্ডিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘোষিত দেশব্যাপী লকডাউন শুরু হয়েছে থেকে। মঙ্গলবার (২৪ মার্চ) মধ্যরাতে শুরু হওয়া এই লকডাউন চলবে টানা ২১ দিন। মঙ্গলবার রাতে টেলিভিশনে দেয়া এক ভাষণে মোদি বলেছেন, বাড়ির বাইরে ঘোরাফেরার উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা থাকবে।

তবে মোদির এই ঘোষণার পর পরই দেশটিতে শুরু হয় কেনাকাটার হিড়িক। রাজধানী দিল্লীসহ অন্য শহরগুলোতে ফার্মেসি ও সুপারমার্কেটের বাইরে লাইন ধরে দাঁড়িয়ে ওষুধ আর নিত্যপ্রয়োজনীয় দ্রব্য কিনতে দেখা গেছে মানুষকে।

অপরদিকে, লকডাউন ঘোষণার পর এক টুইটার বার্তায় জনগণকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন ইন্ডিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টুইটে তিনি লিখেছেন, প্রয়োজনীয় জিনিস এবং ওষুধ পর্যাপ্ত পরিমাণে রয়েছে। এগুলো নিশ্চিত করতে কেন্দ্র এবং রাজ্য সরকার একসাথে কাজ করবে। ইন্ডিয়ায় এ পর্যন্ত ৫১৯ জন আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে, যাদের মধ্যে মারা গেছে ১০ জন।

বিশ্ব পরিস্থিতি: আমেরিকার জন হপকিন্স ইউনিভার্সিটির পরিসংখ্যান বলছে, সারা বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৪ লাখ ২০ হাজারের বেশি মানুষ। আর মৃতের সংখ্যা প্রায় ২০ হাজারের কাছাকাছি। সবচেয়ে বেশি আক্রান্ত দেশ চীন যেখানে ৮১ হাজারের বেশি মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। এরপরেই রয়েছে ইতালি যেখানে প্রায় ৭০ হাজার মানুষ করোনাভাইরাসে আক্রান্ত। এ তালিকায় থাকা অন্যদেশগুলো যথাক্রমে আমেরিকায় আক্রান্ত ৫৩ হাজার ৭৪০, স্পেনে ৩৯ হাজার ৮৮৫, জার্মানিতে ৩২ হাজার ৯৮৬ জন। এছাড়া ভয়াবহ পরিস্থিতির মধ্যে আরও রয়েছে ইরান, ফ্রান্স, সুইজারল্যান্ড, দক্ষিণ কোরিয়া এবং ব্রিটেন।

করোনাভাইরাস আক্রান্ত এসব দেশের মধ্যে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে ইতালিতে। সেখানে এ পর্যন্ত ৬ হাজার ৮২০ জন মারা গেছে। আর চীনের হুবেই প্রদেশে ৩১৬০, স্পেনে ২৮০৮, ইরানে ১৯৩৪, ফ্রান্সে ১১০০, আমেরিকায় ৭৭৫ এবং ব্রিটেনে ৪২২ জন মারা গেছে। করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ১০টি দেশের মধ্যে নেদারল্যান্ডস, জার্মানি ও বেলজিয়ামেও শতাধিক প্রাণহানির খবর পাওয়া গেছে।

নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুমো হুঁশিয়ার করে বলেছেন তার রাজ্যে করোনা ভাইরাসের সংক্রমণ বুলেট ট্রেনের চেয়েও বেশি গতিতে ছড়িয়ে পড়ছে। এমন অবস্থায় চিকিৎসা সহায়তা চেয়েছেন তিনি। গভর্নর কুমো বলেন, আক্রান্তের সংখ্যা আমাদের আশঙ্কার চেয়ে বেশি এবং এর গতি আমাদের চিন্তার বাইরে,- কুমো মঙ্গলবার (২৪ মার্চ) একথা বলেছেন। তিনি অভিযোগ করে বলেন, সংকট মোকাবিলায় কেন্দ্রীয় ডোনান্ড ট্রাম্প সরকার কোনও রাজ্যেই পর্যাপ্ত জীবনরক্ষাকারী সরঞ্জাম পাঠাচ্ছে না।

নিউইয়র্কে ২৫ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছে এবং ২১০ জন মারা গেছে। গভর্নর বলেন, আমাদের কেন্দ্রীয় সহায়তা দরকার এবং সেটা এখনি দরকার। বিশ্ব স্বাস্থ্য সংস্থা মঙ্গলবার (২৪ মার্চ) হুঁশিয়ারি দিয়ে বলেছে, আমেরিকা করোনাভাইরাস সংক্রমণের নতুন কেন্দ্র হয়ে ওঠার আশঙ্কা রয়েছে।

প্রেসিডেন্ট ট্রাম্প যখন বললেন যে, আগামী মাসে ব্যবসার জন্য আবারো খুলে যাবে আমেরিকা, ঠিক সে সময়েই এই হুঁশিয়ারি এলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে। নিউয়র্কের গভর্নর কুমো জানান, কেন্দ্রীয় সরকার নিউইয়র্কে মাত্র ৪০০ ভেন্টিলেটর পাঠিয়েছে, যেখানে রাজ্যটিতে প্রায় ৩০ হাজার ভেন্টিলেটর দরকার। তিনি অভিযোগ করেন, তোমরা ২৬ হাজার মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছো। কারণ, তোমরা মাত্র ৪০০টি ভেন্টিলেটর পাঠিয়েছো। সব মিলিয়ে নিউইয়র্কে বর্তমানে ৭০০০ ভেন্টিলেটর রয়েছে বলে বিবিসির খবরে উল্লেখ করা হয়।

নেটোর সহায়তা চেয়েছে স্পেন: এদিকে, স্পেনে একদিনে ৫১৪ জনের মৃত্যু এবং সব মিলিয়ে ৪০ হাজারের বেশি মানুষ আক্রান্ত হওয়ার পর করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে নেটোর কাছে মানবিক সহায়তা চেয়েছে দেশটি। দেশটির সরকার লাখো সার্জিক্যাল মাস্ক, গ্লাভস, গাউন, থার্মোমিটারসহ অন্যান্য সরঞ্জাম সরবরাহের আহ্বান জানিয়েছে। স্পেন সরকারের স্বাস্থ্যমন্ত্রী সালভাডর ইলা বলছে, আমরা ভাইরাস আক্রমণের শুরুর ধাপে রয়েছি, এর থেকে মহামারির সর্বোচ্চ পৌঁছানোর লড়াই শুরু হবে। ইউরোপে ইতালির পর কভিড-১৯ রোগে সবচেয়ে বেশি আক্রান্ত দেশ স্পেন।

শঙ্কিত অস্ট্রেলিয়া: এক সপ্তাহর ব্যবধানে অস্ট্রেলিয়ায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৬০০ থেকে বেড়ে দাঁড়িয়েছে ২৩০০ জনে। দেশটির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. ব্রেনডান মারফি মঙ্গলবার রাতে বলেন, আক্রান্তের সংখ্যা বৃদ্ধি নিয়ে আমরা খুবই চিন্তিত। কারণ, এটা মাত্রাতিরিক্ত বৃদ্ধি।

বুধবার মধ্যরাত থেকে মানুষের শেষকৃত্য এবং বিয়েতে অংশ নেয়াকে সীমিত করা হচ্ছে। অনেক ব্যবসা প্রতিষ্ঠানকে বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। প্রথমবারের মতো, পারিবারিক জমায়েতকে নিরুৎসাহিত করেছেন প্রধানমন্ত্রী স্কট মরিসন।

নিউ সাউথ ওয়েলস যেখানে ১০০০ এর বেশি মানুষ আক্রান্ত হয়েছেন, সেখানে দুই মাসের শিশুসহ দশ বছরের কম বয়সীদের মধ্যে সংক্রমণ ছড়িয়ে পড়েছে।

লিবিয়ায় প্রথম রোগী: লিবিয়ার সেন্টার ফর ডিজিস কন্ট্রোল দেশটির প্রথম করোনাভাইরাস রোগী শনাক্ত হবার ঘোষণা দিয়েছে। অসমর্থিত খবর বলছে, ওই রোগী রাজধানী ত্রিপলির একটি হাসপাতালে আছেন।

কঙ্গোতে জরুরি অবস্থা: ডেমোক্রেটিক রিপাবলিক কঙ্গোতে জরুর অবস্থা জারি করা হয়েছে। একইসাথে রাজধানী কিনহাসাকে বিচ্ছিন্ন করা হয়েছে। দেশটির সীমান্ত বন্ধ করে দেয়া হয়েছে। জারি করা হয়েছে ভ্রমণ নিষেধাজ্ঞা। রাজধানী থেকে প্রদেশগুলোতে বিমান, সড়ক এবং নৌ যোগাযোগ বন্ধ করা হয়েছে।

বাংলাদেশে অঘোষিত লকডাইন শুরু হয়েছে। সারাদেশে যাত্রীবাহী ট্রেন, লঞ্চ, বিমান ও বাস চলাচলে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। বন্ধ রয়েছে সব শিক্ষাপ্রতিষ্ঠান। আগামীকাল ২৬ মার্চ থেকে ১০ দিনের জন্য সব সরকারি-বেসরকারি অফিস ছুটি ঘোষণা করা হয়েছে। বাংলাদেশে এ পর্যন্ত করোনায় ৫ জনের মৃত্যু ও ৩৯ জন আক্রান্ত হওয়ার তথ্য সরকারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। তবে কীটের সংকটে অনেক রোগী আইইডিসিআর ও সরকারি হাসপাতালগুলোতে ধর্না দিয়েও করোনার পরীক্ষা করাতে পারছেন না। ফলে পরীক্ষা ছাড়াই এ পর্যন্ত করোনার উপসর্গ নিয়ে অন্তত ৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন ঢাকার মিরপুরে, ৭৬ বছরের ওই বৃদ্ধ করোনায় মৃত্যু হওয়া আরেক সত্তোরর্ধ্ব রোগীর সংস্পর্শে এসেছিলেন। মৌলভীবাজারে একজন বৃদ্ধা মারা গেছেন আইসোলেশনে থাকা অবস্থায়। যে নারী ব্রিটেন থেকে সম্প্রতি দেশে ফিরে ছিলেন। এছাড়া খুলনায় দুজনের মৃত্যু হয়েছে। যাদের একজন বিদেশ ফেরত।

অসমর্থিত সূত্রে জানা গেছে, অনেকে করোনা পরীক্ষা করানোর জন্য আইইডিসিআরের কাছে ধর্ণা দিলেও পরীক্ষা তাদের পরীক্ষা করা হচ্ছে না। এক্ষেত্রে কীট সংকটের কথা বলছেন অভিযোগকারীরা। ফলে করোনা পরিস্থিতি দেশে দ্রুতই মহামারী আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করছেন অনেকে। অবশ্য সরকারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, করোনা মোকাবিলায় তাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading