‘রাজনীতি’ কোয়ারেন্টিনে রাখুন: ট্রাম্পকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
উত্তরদক্ষিণ অনলাইন ০৯ এপ্রিল ২০২০। ১২:০০
নভেল করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে ঐক্যের আহ্বান জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান। এ নিয়ে কোনো ধরনের রাজনীতি না করতেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বানের পাশাপাশি কভিড রাজনীতিকে কোয়ারেন্টিনে রাখতে বলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আমেরিকায় করোনাভাইরাস বা কভিড-১৯ এর সংক্রমণ ঠেকাতে ব্যর্থ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ধারাবাহিক সমালোচনা আর হুমকির জবাবে এমনটাই বলেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়েসুস। এর আগে ট্রাম্প অভিযোগ করেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা কভিড-১৯ ইস্যুতে চীনের পক্ষে কাজ করেছে।
এর জবাবে সংস্থাটির প্রধান গেব্রিয়েসুস- কোভিড-১৯ মহামারুর সঙ্গে রাজনীতিকে না জড়ানোর জন্য ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন বলে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার বুধবারের (৮ এপ্রিল) ব্রিফিংয়ে এর মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়েসুস বলেন, ঐক্যবদ্ধ থাকতে হবে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে। সেটা হতে হবে আন্তরিকভাবে। আর সেই সঙ্গে আমেরিকা আর চীনের নেতৃত্বকেও আন্তরিক হতে হবে। সবচেয়ে বেশি ক্ষমতাধর যারা তাদেরই তো পথ দেখাতে হবে। আর দয়া করে কোভিড রাজনীতিকে কোয়ারেন্টিনে রাখুন।
এর একদিন আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কড়া সমালোচনা করে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন, প্রতিষ্ঠানটি ‘অনেক বেশি চীনঘেঁষা’। বিশ্ব সংস্থাকে তহবিল যোগানো বন্ধ করারও হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের ওই অভিযোগ প্রত্যাখ্যান করে ড. গেব্রিয়েসুস বলেন, আমরা প্রতিটি দেশের সঙ্গেই কাজ করি। আমরা কালার ব্লাইন্ড।
অবশ্য ট্রাম্প মঙ্গলবারের ওই হুমকির পর বুধবারও বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে তুলাধুনো করে বক্তব্য দেন। বুধবার তিনি বলেন, কোন কাজটা আগে করা উচিৎ, সেটা বিশ্ব স্বাস্থ্য সংস্থার ঠিকঠাক বুঝতে হবে। আমেরিকা আর তাদের চাঁদা দেবে কি না, সেটা খতিয়ে দেখা হবে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ওইদিন সন্ধ্যায় এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একই সুরে কথা বলেন। তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থায় তহবিল যোগানোর বিষয়টি আমেরিকা পর্যালোচনা করে দেখছে। সংস্থাগুলোকে তো কাজ দেখাতে হবে। যে কাজের জন্য তাদের রাখা হয়েছে, সেই ফলাফল দেখাতে হবে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেসব দেশের টাকায় চলে, তার মধ্যে এককভাবে মার্কিন চাঁদার পরিমাণই সবচেয়ে বেশি। এই অর্থের পরিমাণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার বার্ষিক বাজেটের ১৫ শতাংশের মতো। ট্রাম্পের সমালোচনা ও হুমকির মধ্যে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস অবশ্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাজের প্রতি তার পূর্ণ সমর্থন থাকার কথা জানিয়েছেন। করোনাভাইরাস মহামারিকে একটি নজিরবিহীন সঙ্কট হিসেবে বর্ণনা করে গুতেরেস বলেছেন, এখন ঐক্যবদ্ধ থাকার সময়। এই ভাইরাসের বিস্তার রোধের পাশাপাশি ভয়ঙ্কর পরিণতি সামাল দিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে এখন একসাথে কাজ করতে হবে।

