আমেরিকায় মৃত্যু অর্ধলক্ষ ছাড়িয়েছে
উত্তরদক্ষিণ ২৪ এপ্রিল ২০২০ । ১৩:৫৫
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য ছিল তার দেশে করোনায় মৃত্যু ১ লাখের মধ্যে থাকলে তার সরকার নিজেদেরকে সফল ভাববে। এরই মধ্যে দেশটিতে অর্ধলক্ষের বেশি মানুষের করোনা বা বা কভিড-১৯ আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। শেষ পর্যন্ত ১ লাখে এই মৃত্যুর রাশ টানতে পারবে কিনা মার্কিন সরকার- তা মুহূর্তে স্পষ্ট নয়।
সবশেষ তথ্যে দেখা গেছে, বৃহস্পতিবার পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় তিন হাজারের অধিক মানুষের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) গ্রিনিচ মান সময় ০৭:৪০টায় ওয়ার্ল্ডওমিটারে প্রকাশিত তথ্যে দেখা গেছে, আমেরিকায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৫০ হাজার ২৪৩ জনের। যা আগের দিন পর্যন্ত ছিল ৪৭ হাজারের কিছু বেশি। দেশটিতে এ রিপোর্ট লেখা পর্যন্ত ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, আক্রান্ত সংখ্যা ৮ লাখ ৮৯ হাজার ৭০৯ জন। আগের দিন এই সংখ্যা ছিল ৮ লাখ ৪৯ হজার ১৯ জন। অর্থাৎ শেষ ২৪ ঘণ্টায় দেশটিতে আক্রান্তের সংখ্যা ৪০ হাজারেরও বেশি। এ পরিস্থিতিতে ট্রাম্পের দেশে করোনার ছোবলে প্রাণহানী কোথায় গিয়ে থামবে তা নিশ্চিত করে এখনই বলা কারো পক্ষে সম্ভব নয় বলেই বিশ্লেষকদের মত।

