করোনায় আক্রান্ত ২৮ লাখ ছাড়িয়েছে
উত্তরদক্ষিণ ২৫ এপ্রিল ২০২০ । ১৩:৫৫
বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ২৮ লাখ ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে ১ লাখ ৯৭ হাজারেরও বেশি। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে- মৃতের এই সংখ্যা ২ লাখ পার হওয়া এখন শুধু সময়ের ব্যাপার! শনিবার (২৫ এপ্রিল) গ্রিনিচ মান সময় ০৬:৫৫টায় ওয়ার্ল্ডওমিটারে সবশেষ প্রকাশিত তথ্যে এমনটা জানা গেছে।
ওয়ার্ল্ডওমিটারে সবশেষ প্রকাশিত তথ্যে দেখা গেছে, বিশ্বে নভেল করোনাভাইরাস বা কভিড-১৯ আক্রান্ত হয়েছেন ২৮ লাখ ৩৩ হাজারের বেশি মানুষ। তাদের মধ্যে মৃত্যু হয়েছে ১ লাখ ৯৭ হাজার ৩৫২ জনের।
আশার কথা হচ্ছে, এ রিপোর্ট লেখা পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৮ লাখ ৭ হাজার ২৫০ জন। অর্থাৎ মৃতের তুলনায় সুস্থ হওয়ার হার অনেক বেশি। যদিও বাংলাদেশে ভিন্ন চিত্র। দেশে শুক্রবার পর্যন্ত আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে ১৩১ জনের আর সুস্থ হয়েছেন ১১২ জন।
বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে কভিড-১৯ আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন ১৮ লাখ ২৮ হাজার ৪২৯ জন। তাদের মধ্যে গুরুতর অসুস্থ মানুষের সংখ্যা ৫৮ হাজার ৫৭৬ জন।

