‘আবাহনীর হেলাল’ আর নেই

‘আবাহনীর হেলাল’ আর নেই

উত্তরদক্ষিণ শনিবার ৩০ মে ২০২০। ১৬:৪০

জীবনযুদ্ধে পরাজিত হলেন সাবেক তারকা ফুটবলার ‘আবাহনীর হেলাল’। শনিবার (৩০ মে) ৬৩ বছর বয়সে তিনি না ফেরার দেশে চলে গেছেন। ওপেন হার্ট সার্জারির পর কিডনি ডায়ালাইসিসও করতে হচ্ছিল তার। এর মধ্যে গত বৃহস্পতিবার ব্রেন স্ট্রোক হলে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ছিলেন সাবেক ফুটবলার গোলাম রাব্বানী হেলাল।

জানা গেছে, রাজধানীর স্কয়ার হাসপাতালে হেলাল ভর্তি ছিলেন। ব্রেন স্ট্রোকের পর বাংলাদেশের ‘সোনালি প্রজন্মের’ এই ফুটবলারকে রাখা হয়েছিল লাইফ সাপোর্টে। কিন্তু অবস্থার উন্নতি আর হয়নি। শনিবার বেলা ১১টা ৫০ মিনিটে খুলে নেওয়া হয় তার লাইফ সাপোর্ট। হেলালের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার বড় ভাইয়ের ছেলে গোলাম কাইফি।

কাইফি জানান, ডায়ালাইসিস করার জন্য নিয়মিত হাসপাতালে যেতে হতো হেলালকে। গত বৃহস্পতিবার সেভাবে প্রস্তুতিও নিচ্ছিলেন তিনি। কিন্তু হঠাৎ করে সকালের খাবারের পর জ্ঞান হারিয়ে ফেলেন। দ্রুতই রাজধানীর স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানেই পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায় তার স্ট্রোক হয়েছে।

‘আবাহনীর হেলাল’ নামে পরিচিত গোলাম রাব্বানী বেশ কিছু দিন ধরেই ছিলেন অসুস্থ। ২০১৭ সালে তার ওপেন হার্ট সার্জারি হয়েছিল। ব্যাংককে উন্নত চিকিৎসাও নিয়েছেন তিনি। এছাড়া কিডনির জটিলতার কারণে ডায়ালাইসিসও চলছিল তার।

বরিশাল থেকে উঠে এসে ঢাকা আবাহনীর হয়ে বাংলাদেশের ঘরোয়া ফুটবল মাতিয়েছেন এই সুদর্শন ফুটবলার। ১৯৭৫ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত খেলেছেন আবাহনীতে। মাঝে অবশ্য কিছুদিন বিজেএমসিতেও ছিলেন। ১৯৭৯ সাল থেকে ১৯৮৫ পর্যন্ত খেলেছেন জাতীয় দলে। খেলা ছেড়ে আবাহনী লিমিটেডের পরিচালকও হয়েছেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সদস্য ছিলেন তিনি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading