দেশের ঢাকামুখী সব সড়কে মানুষের ঢল
উত্তরদক্ষিণ শনিবার ৩০ মে ২০২০। ২৩:৫২
দেশের ঢাকামুখী সব সড়কে মানুষের ঢল। দিনের চেয়ে রাতে যেন আরও বেশি। করোনা পরিস্থিতিতে দীর্ঘ ৬৬ দিনের সাধারণ ছুটির পর আজ (৩১ মে) সরকারী-বেসরকারী অফিস ও বিভিন্ন প্রতিষ্ঠান খুলে দেয়া হচ্ছে। এর মধ্যে রোজা ও ঈদের ছুটিও শেষ হয়েছে।
সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, অর্থনীতি সচল করতে স্বাস্থ্যবিধি মেনেই এসব খোলা হবে। সরকারী সিদ্ধান্তে চলমান সাধারণ ছুটি না বাড়িয়ে অফিস, আর্থিক প্রতিষ্ঠানগুলো খুলে দেয়ার কারণে ঢাকামুখী সব রাস্তায় যেন মানুষের ঢল নেমেছে। বিশেষভাবে যারা চাকুরী তাদের ঢাকায় ফেরার তাড়া রয়েছে।
গণপরিবহন না থাকাতে ঢাকামুখী যাত্রীদের অনেক ভোগান্তি পোহাতে হচ্ছে। ওনেককে বেশ কষ্ট করেই কর্মস্থলে ফিরতে হচ্ছে।
এই ভয়াবহ করোনা পরিস্থিতিতেও স্বাস্থ্যবিধি মানার কোন চেষ্টা করেও যেন লাভ নেই। চারিদিকে মানুষ আর মানুষ। সামাজিক বা শারীরিক দূরত্ব মানার সুযোগ নেই। প্রতিটি ফেরি থেকেই শত শত যাত্রী ওঠছে আর নামছে।
ঢাকামুখী মানুষের ঢল দেখা গেছে শিমুলিয়া ও পাটুরিয়া ফেরি ঘাটে। পদ্মা পার হয়ে এই পথেই দক্ষিণ ও পশ্চিম অঞ্চলের ২১ জেলার মানুষ কর্মস্থলে ফিরছেন।
নৌপথেও কর্মস্থলমুখী মানুষের ঢল।
সরেজমিনে দেখা যায়, অধিকাংশ গণপরিবহন বন্ধ থাকায় জীবিকার তাগিদে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের হাজার হাজার শ্রমজীবী মানুষ মাইক্রোবাস, প্রাইভেটকার, ব্যাটারিচালিত আটোবাইক, সিএনজি চালিত অটোরিকশা, মোটরসাইকেলে অতিরিক্ত ভাড়া দিয়ে পাটুরিয়া থেকে ঢাকা ও গাজীপুরসহ বিভিন্ন এলাকায় ছুটছেন।
শিমুলিয়া ঘাটে কাঁঠালবাড়ি ঘাট থেকে ঢাকামুখী যাত্রীদের চাপ বেশি।
এ সুযোগে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ রয়েছে।

