প্রথম আলো সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা, ‘উদ্বেগ’

প্রথম আলো সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা, ‘উদ্বেগ’

উত্তরদক্ষিণ রবিবার ৩১ মে ২০২০। আপডেট ১৩:২০

প্রথম আলোর পটুয়াখালীর বাউফল উপজেলা প্রতিনিধি ও বাউফল উপজেলা প্রেসক্লাবের নির্বাহী কমিটির সদস্য সাংবাদিক এবিএম মিজানুর রহমানকে একটি হত্যা মামলায় আসামি করা হয়েছে। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ঢাকাস্থ পটুয়াখালী জার্নালিস্টস ফোরাম (পিজেএফ)। সংগঠনের সভাপতি আ স ম জাকির হোসেন ও সাধারণ সম্পাদক সাইখুল ইসলাম উজ্জ্বল এক বিবৃতিতে এ নিন্দা জানান। একই সঙ্গে সাংবাদিক মিজানুর রহমানকে হত্যা মামলায় আসামি করায় ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করে আসামি তালিকা থেকে তার নাম দ্রুত প্রত্যাহার করে নেওয়ার দাবি জানিয়েছেন তারা। সংগঠনের পক্ষ থেকে রবিবার (৩১ মে) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে পিজেএফ নেতৃবৃন্দ এ দাবি জানান।

বিবৃতিতে বলা হয়, গত ২৪ মে (রবিবার) বাউফলে ক্ষমতাসীন দলের স্থানীয় দুই গ্রুপের ‘অসুস্থ রাজনৈতিক’ প্রতিযোগিতার বলি হয়েছেন তাপস কুমার দাস নামে এক যুবক। ওই হত্যাকাণ্ডের ঘটনায় বাউফল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহত তাপসের ভাই পঙ্কজ কুমার দাস। মামলায় প্রথম আলোর সাংবাদিক মিজানসহ ৩৫ জনকে আসামি করা হয়।

বিভিন্ন সূত্রের বরাত দিয়ে পিজেএফ নেতারা বলেন, সংঘর্ষে জড়িত দুটি গ্রুপের একটি পক্ষ থেকে যেসব নাম দেওয়া হয়েছে, তাদেরই আসামি করা হয়েছে তাপস হত্যা মামলায়। সাংবাদিক মিজানুর রহমানকে আসামি করার নেপথ্যের কারণ হচ্ছে, স্থানীয় দুর্নীতিবাজ রাজনীতিবিদদের দুর্নীতির খবর প্রকাশ করা। তারা আরও বলেন, গত ২৪ মে’র সংঘর্ষ ও হত্যাকাণ্ডের পর বাউফল উপজেলা আওয়ামী লীগের বিবদমান দুই গ্রুপ- একে অপরের বিরুদ্ধে সন্ত্রাসী হামলার অভিযোগ এনেছে। কাদের অভিযোগ সত্য, তা তদন্তে বেরিয়ে আসবে বলে আমরা আশা করি। কিন্তু মিজানুর রহমান একজন পেশাদার সাংবাদিক হিসেবে ঘটনাস্থলে অন্য সাংবাদিকদের সঙ্গে সেদিন দায়িত্ব পালন করছিলেন। তাকে আসামি করায় ‘আমরা চরম ক্ষুব্ধ, হতবাক ও উদ্বিগ্ন’।

‘রাজনৈতিক কারণে’ এর আগেও ৬টি মামলায় সাংবাদিক মিজানুর রহমানকে আসামি করা হয়েছিল বলে উল্লেখ করা হয় বিবৃতিতে। তারা বলেন, পূর্বের সবগুলো মামলায় তিনি নির্দোষ প্রমাণিত হয়েছেন এবং মামলা থেকে বেকসুর খালাস পেয়েছেন।

পিজেএফ সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, মিজানকে হত্যা মামলায় আসামি করায় ঢাকায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত পটুয়াখালীর সাংবাদিকদের পক্ষ থেকে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে পুলিশের প্রতি আমাদের আহ্বান থাকবে, দ্রুত সময়ের মধ্যে মামলার এজাহার থেকে সাংবাদিক মিজানুর রহমানের নাম বাদ দিন। অন্যথায় আমরা সাংবাদিক মিজানুর রহমানসহ সারাদেশে সাংবাদিক নির্যাতন, গ্রেফতার ও মামলা-হামলার প্রতিবাদে কর্মসূচি দিতে বাধ্য হবো।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading