মহামারীর মধ্যে প্রশাসনে পদোন্নতিকে ‘রাজনৈতিক’ বললেন রিজভী
উত্তরদক্ষিণ : মঙ্গলবার ০৯ জুন ২০২০ । ২১:৪৫
প্রশাসনের শতাধিক কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে যুগ্ম সচিব করার পেছনে ক্ষমতাসীনদের ‘রাজনৈতিক স্বার্থ’ জড়িত রয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। সম্প্রতি ১২৩ জন উপসচিবকে যুগ্ম সচিব পদে পদোন্নতি দেওয়া নিয়ে বিএনপি আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানালো।
মঙ্গলবার (০৯ জুন) নয়া পল্টনে দলীয় কার্যালয় থেকে এক ভার্চুয়াল সংবাদ ব্রিফিংয়ে এই অভিযোগ করে বিএনপি’র কেন্দ্রীয় জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, করোনা ভাইরাস জনিত মহামারীর মধ্যে সরকার নিজেদের পছন্দের লোকদেরকে পদোন্নতি দেয়ার হিড়িক চালাচ্ছে। সরকারের এই সুপারনিউমারি পদোন্নতি সম্পূর্ণভাবে রাজনৈতিক স্বার্থে।
তিনি বলেন, তিনি বলেন, “পদ নেই, তবু পদোন্নতি চলছে আলোর গতিতে।
গত শুক্রবার (০৫ জুন) সরকারি ছুটির দিনে ওই পদোন্নতির আদেশ জারি নিয়েও প্রশ্ন তুলে তিনি বলেন, এখন এই দুর্যোগের সময়ে করোনাকালেও চলছে মহাসমারোহে একদলীয় শাসনকে চূড়ান্ত রূপ দেওয়ার আয়োজন। সরকার মনে হয় মহাঅস্থিরতায় ভুগছে।
এই ঘোর দুর্দিনে পদ না থাকা সত্ত্বেও পদোন্নতি দেওয়ায় এটা সুপ্রমাণিত যে, সরকার জনগণের বাঁচা-মরাকে তোয়াক্কা করে না। শুধু ক্ষমতাকে অনিশ্চয়তার হাত থেকে বাঁচানোর জন্য যত ধরনের স্বৈরাচারী সিদ্ধান্ত গ্রহণ করা দরকার তারা সেটিই করছে।
২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে ‘দলীয় বিবেচনায় ঢালাওভাবে’ নিয়োগ ও পদোন্নতি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে চারজন মন্ত্রীর একান্ত সচিব এবং ছয়জন জেলা প্রশাসকসহ ‘আওয়ামী লীগ ঘনিষ্ঠরা’ রয়েছে।
তিনি অভিযোগ করেন, অনেক মেধাবী কর্মকর্তা যোগ্যতা থাকার পরেও তাদের পদোন্নতি হয়নি। কুষ্ঠিনামা যাচাই করে শুধু তাদেরকেই পদোন্নতি দেয়া হচ্ছে যারা ক্ষমতাসীন দলের সাথে নানাভাবে যুক্ত।
বিএনপি নেতা বলেন,টকরোনা মহামারীতে দেশে লাশের সারি দীর্ঘ হলেও সরকারের সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। তারা গদি কীভাবে রক্ষা হবে, নব্য বাকশালী শাসন কীভাবে শক্তিশালী হবে সেদিকেই তারা এগিয়ে যাচ্ছে।

