আবার বৈঠকে চীন এবং ইন্ডিয়া
উত্তরদক্ষিণ । সোমবার ২২ জুন ২০২০ । আপডেট ১৪:৪০
লাদাখে আবারও বৈঠকে বসেছে চীন এবং ইন্ডিয়া। লাদাখ সীমান্তে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সমাধানে বৈঠকে বসেছে দেশ দু’টি। ইন্ডিয়ান সংবাদমাধ্যম এএনআই’র খবরে এ কথা জানা গেছে।
সংবাদমাধ্যমটি জানায়, সোমবার (২২ জুন) সকাল সাড়ে ১১টায় পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখার চীনা অংশে অবস্থিত মোল্ডোতে কর্পস কমান্ডার পর্যায়ে এ বৈঠক শুরু হয়।
ইন্ডিয়ান সেনা সূত্রের বরাত দিয়ে এএনআই জানিয়েছে, ৬ জুনের পর চোসুল-মোল্ডো সীমান্তে কর্পস কমান্ডার পর্যায়ে এটি দ্বিতীয় বৈঠক।
এএনআই আরও জানায়, এ বৈঠকে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় পারস্পরিক সংঘাতে জড়ানোর ক্ষেত্রে কিছু বিধি-নিষেধে পরিবর্তন আনার প্রস্তাব দেবে ইন্ডিয়া। বর্তমানে সেখানে অত্যন্ত অস্বাভাবিক পরিস্থিতিতে আগ্নেয়াস্ত্র ব্যবহারের অনুমতি দেওয়া আছে বাহিনীগুলোকে।
উল্লেখ্য, প্রায় এক মাসেরও বেশি সময় ধরে লাদাখ সীমান্তে ইন্ডিয়ান ও চীনা সেনাদের মধ্যে উত্তেজনার পর গত ১৫ জুন (সোমবার) উভয় পক্ষ সংঘাতে জড়ায়। দুই দেশই পরস্পরের বিরুদ্ধে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করার অভিযোগ আনে।
এ অবস্থার মধ্যে সোমবার (২২ জুন) ১৪ কর্পস কমান্ডার লেফটেনেন্ট জেনারেল হরিন্দর সিং ও সাউথ জিনজিয়াং মিলিটারি ডিস্ট্রিক্ট-এর প্রধান মেজর জেনারেল লিউ লিন-এর মধ্যে বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

