একই দিনে করোনায় আক্রান্ত ১ কোটি ছাড়ালো, মৃত্যু ৫ লাখ
উত্তরদক্ষিণ । রবিবার ২৮ জুন ২০২০ । আপডেট ১৬:১০
মোহাম্মদ শিহাব: বিশ্বে করোনাভাইরাস বা কভিড-১৯ রোগে আক্রান্তের সংখ্যা এক কোটি ছাড়িয়ে গেছে। সেই সঙ্গে একই দিনে করোনায় মৃতের সংখ্যা ৫ লাখ পাড় হয়েছে।
রবিবার (২৮ জুন) গ্রিনিচ মান সময় ০৯:৪৭টায় ওয়ার্ল্ডওমিটারে সবশেষ প্রকাশিত তথ্যে দেখা গেছে, এ পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে ১ কোটি ১ লাখ সাড়ে ৫ হাজার। আগের দিন এই সংখ্যা ছিল ৯৯ লাখ ৩১ হাজার ৫১৪। গত ২৪ ঘণ্টায় কভিড-১৯ রোগী নতুন করে শনাক্ত হয়েছে ১ লাখ ৭৪ হাজার। আগের দিন এই বৃদ্ধির সংখ্যা ছিল ১ লাখ ৯৮ হাজার এবং গত ২৬ জুন বৃদ্ধির পরিমাণ ছিল ১ লাখ ৮৫ হাজার।
অপরদিকে, এ পর্যন্ত কভিড-১৯ আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫ লাখ ১ হাজার ৬৯৬ জনের। আগের দিন এই সংখ্যা ছিল ৪ লাখ ৯৭ হাজার ৫০৩ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যুর তালিকায় নতুন যুক্ত হয়েছে ৪ হাজারের বেশি মানুষ।

ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্য অনুযায়ী, বিশ্বের ২১৫টি দেশে কভিড-১৯ আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন প্রায় ৫৪ লাখ ৭৮ হাজার মানুষ। বিশ্বের বিভিন্ন দেশে বর্তমানে চিকিৎসাধীন আছেন ৪১ লাখ ২৬ হাজার, তাদের মধ্যে গুরুতর অসুস্থ প্রায় ৫৮ হাজার।
গত সপ্তাহের শেষের দিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এক বিবৃতিতে জানিয়েছিল, চলতি সপ্তাহে বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ১ কোটি পাড় হতে পারে। বাস্তবে সপ্তাহ নয়, মাত্র ৪ দিনের ব্যবধানে কোটির ঘরে পৌঁছালো কভিড-১৯ রোগীর সংখ্যা। একই সঙ্গে ৫ লাখে পৌঁছালো মৃত।
বিশ্বে করোনায় আক্রান্ত প্রায় ১ কোটি, মৃত্যু ৫ লাখ ছুঁইছুঁই!

