কাঁচামরিচের কেজি ২০০ টাকা
উত্তরদক্ষিণ । সোমবার ২৯ জুন ২০২০। আপডেট ১৩:৪০
সপ্তাহের ব্যবধানে চারগুণ বেড়েছে কাঁচামরিচের দাম। হঠাৎ করেই রাজধানীর বাজারগুলোতে কাঁচামরিচের কেজি ২০০ টাকা ছুঁয়েছে।
টানা বৃষ্টির কারণে কাঁচামরিচের দাম এমন অস্বাভাবিক বেড়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন ব্যবসায়ীরা।
তারা বলছেন, কয়েকদিন ধরেই টানা বৃষ্টি হচ্ছে। এতে মরিচের খেতের ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়া উত্তরাঞ্চলে বন্যা দেখা দিয়েছে। সবমিলিয়ে কাঁচামরিচের দাম বেড়ে গেছে।
এদিকে পাইকারি ও খুচরা উভয় বাজারে কাঁচামরিচের দাম বাড়লেও দামে বড় ধরনের পার্থক্য রয়েছে। কোনো কোনো খুচরা ব্যবসায়ী পাইকারির দ্বিগুণ দামে কাঁচামরিচ বিক্রি করছেন।
খোঁজ নিয়ে জানা যায়, কারওয়ান বাজারে প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকায়, যা কিছুদিন আগে ছিল ২০ থেকে ৩০ টাকা। অর্থাৎ পাইকারিতে কাঁচামরিচের দাম বেড়ে চারগুণ হয়েছে।
এদিকে রামপুরা বাজারে, কাঁচামরিচের পোয়া (২৫০ গ্রাম) বিক্রি হচ্ছে ৪০-৫০ টাকা বলে জানা গেছে। অর্থাৎ প্রতিকেজি কাঁচামরিচের দাম পড়ছে ১৬০-২০০ টাকা। একই দামে বিক্রি হচ্ছে মালিবাগ হাজীপাড়ায়। খিলগাঁও তালতলা বাজারে কাঁচামরিচের পোয়া ৪০ থেকে ৫০ টাকা বিক্রি হতে দেখা গেছে। এমনকি ভ্যানে বিক্রি করা ব্যবসায়ীরাও কাঁচামরিচের পোয়া ৪০ থেকে ৫০ টাকা বিক্রি করছেন।

