জেনেশুনেই কঠিনেরে ভালোবেসেছি: অর্থমন্ত্রী

জেনেশুনেই কঠিনেরে ভালোবেসেছি: অর্থমন্ত্রী

উত্তরদক্ষিণ। সোমবার ২৯ জুন ২০২০। আপডেট ১৭:৫০

২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনা করতে গিয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ‘এই বাজেটটি বাস্তবায়নে আমাদের দেশের সব মানুষ এগিয়ে আসবেন, যারা আমাদের প্রাণশক্তি। আমরা প্রমাণ করবো, এত বড় বাজেটও বাংলাদেশে বাস্তবায়ন করা সম্ভব। আমরা জেনেশুনেই কঠিনেরে ভালোবেসেছি।’

সোমবার (২৯ জুন) জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের মুলতবী অধিবেশন শুরু হলে ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর দেওয়া সমাপনী বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে উপস্থিত ছিলেন।

অর্থমন্ত্রী বলেন, ‘বিগত পাঁচ বছরের প্রত্যেকটি বাজেটে আমরা যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিলাম তার চাইতে প্রকৃত অর্জন আরও অনেক বেশি ছিল। গত ১০ বছরে জিডিপিতে আমাদের প্রবৃদ্ধি হয়েছে ১৮৮ শতাংশ। যা বিশ্বের সবার ওপরে। আমাদের কাছাকাছি ছিল চীন। সেখানে জিডিপিতে প্রবৃদ্ধি হয়েছে ১৭৭ শতাংশ। আর ভারত ছিল ১১৭ শতাংশে। গত ১১ বছরে আমাদের জিডিপির আকার বেড়েছে তিনগুণ।’

তিনি বলেন, ‘আমরা গতবছর অটোমেশন শুরু করেছিলাম। শুরু করেছিলাম কিন্তু শেষ করতে পারিনি। এই করোনার জন্য তা শেষ হয়নি। আমরা বিশ্বাস করি, যতদ্রুত সম্ভব এই বছর এটা আমরা বাস্তবায়ন করবো ইনশাল্লাহ।’

গত ১১ জুন ২০২০-২১ অর্থবছরের জন্য ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী। সোমবার অর্থ বিল পাস হয়। আগামীকাল মঙ্গলবার (৩০ জুন) এই বাজেট পাস হবে এবং আগামী ১ জুলাই থেকে তা কার্যকর হবে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading