সাংসদ পাপুলের কাছ থেকে ঘুষ নেয়ার দায়ে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা বরখাস্ত
উত্তরদক্ষিণ । বুধবার ০১ জুলাই ২০২০। আপডেট ০৮:৪০
বাংলাদেশের সাংসদ শহিদ ইসলামের (পাপুল) কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি মেজর জেনারেল মারজান আল জারাহকে বরখাস্ত করা হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) কুয়েতের উপ-প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী আনাস আল সালেহ এই সংক্রান্ত আদেশ জারি করেন। খবর আরব টাইমস-এর।
কুয়েতী এই সংবাদমাধ্যমটির খবরে বলা হয়, বাংলাদেশি সংসদ সদস্যের ঘটনা তদন্তের পর আর্থিক লেনদেনে সহায়তা ও ঘুষ গ্রহণে জড়িত থাকার অভিযোগে মেজর জেনারেল মাজেন আল-জারাহকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
এর আগে সোমবার (২৯ জুন) আরব টাইসমের খবরে বলা হয়, বাংলাদেশি সাংসদ পাপুলের ব্যক্তিগত মোবাইল ফোনে কুয়েতের কুয়েতের স্বরাষ্ট্র ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারাসহ বেশ কয়েকজন সাংসদের বিষয়ে তথ্য পেয়েছে তদন্ত কর্মকর্তারা।
বাংলাদেশি সাংসদের মোবাইল ফোনে পাওয়া ছবি ও তার অফিসের সিসিটিভি ক্যামেরার ভিডিওতে কুয়েতের যেসব কর্মকর্তাদের দেখা গেছে প্রত্যেককে তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের আওতায় আনা হবে।

