আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি খুরশীদ আর নেই
উত্তরদক্ষিণ । ০২ জুলাই ২০২০ । আপডেট : শুক্রবার ০৩ জুলাই ২০২০ । ০৯:০৭
আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি এ বি এম খুরশীদ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।
বৃহস্পতিবার (২ জুলাই) সন্ধ্যার পর তার মৃত্যু হয় বলে গণমাধ্যমকে জানান তার বড় ছেলে রেহান দস্তগীর।
৮৩ বছর বয়সী এই মুক্তিযোদ্ধা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকার শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের ভর্তি ছিলেন। অবস্থার অবনতি ঘটনায় তাকে গত বুধবার আইসিইউতে নেওয়া হয়েছিল।
তৎকালীন পাকিস্তান সরকার যখন ‘আগরতলা ষড়যন্ত্র মামলা’ দায়ের করেন তখন এবিএম খুরশিদ নৌবাহিনীর ক্যাপ্টেন পদে কর্মরত ছিলেন। স্বাধীনতা পর নৌবাহিনীর চাকরী ছেড়ে তিনি পারিবারিক ব্যবসায় যুক্ত হন
পাকিস্তান সরকার ১৯৬৮ সালের জানুয়ারি মাসে আওয়ামী লীগ প্রধান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্রধান আসামি করে সেনাবাহিনীর কয়েকজন কর্মরত ও প্রাক্তন সদস্য এবং ঊর্ধ্বতন সরকারি অফিসারদের বিরুদ্ধে যে মামলা দায়ের করে তা আগরতলা ষড়যন্ত্র মামলা নামে পরিচিত। এ মামলায় বঙ্গবন্ধু সহ ৩৫ জনের বিরুদ্ধে চার্জশীট দাখিল করা হয়। তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়, তারা ভারত সরকারের সহায়তায় সশস্ত্র অভ্যুত্থানের মাধ্যমে ততকালীন পূর্ব পাকিস্তানকে পাকিস্তান থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্রে লিপ্ত। ভারতের ত্রিপুরার আগরতলা শহরে ভারতীয় পক্ষ ও আসামি পক্ষদের মধ্যে এ ষড়যন্ত্রের পরিকল্পনা করা হয়েছিল বলে মামলায় উল্লেখ থাকায় একে আগরতলা ষড়যন্ত্র মামলা বলা হয়।
বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে এ মামলা এবং এর প্রতিক্রিয়া বিশেষ গুরুত্বপূর্ণ। তৎকালীন পূর্ব পাকিস্তানের জনগণের তীব্র আন্দোলনের মুখে পাকিস্তান সরকার অচিরেই মামলাটি প্রত্যাহার করতে বাধ্য হয়।

