এবারের হজে কাবা স্পর্শ করা নিষিদ্ধ
উত্তরদক্ষিণ । সোমবার, ০৬ জুলাই ২০২০ । ১২:৪১
এবারের হজে ইসলামের পবিত্র নির্দশন কাবা স্পর্শ করা যাবে না। শুধু তাই নয়; নামাজের সময় এমনকি কাবা শরিফ তাওয়াফের সময়ও দেড় মিটার দূরত্ব বজায় রাখতে হবে হাজিদের।
দেশটির বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সির বরাতে এ তথ্য জানায় সিঙ্গাপুরভিত্তিক সংবাদমাধ্যম স্ট্রেইটস টাইমস।
খবরে জানা যায়, সোমবার সৌদির রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কেন্দ্র (সিডিসি) এক বিবৃতিতে বলেছে, চলতি বছরে হজ চলাকালীন কাবা শরিফ স্পর্শ করা যাবে না। অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান পালনের সময় যেমন-নামাজ ও কাবা শরিফ তাওয়াফ করার সময় সামাজিক দূরত্ব (এক হাজি থেকে আরেক হাজির মধ্যকার দূরত্ব দেড় মিটার হবে) বজায় রাখতে হবে। সীমিত সংখ্যক হাজি মিনা, মুজদালিফা ও আরাফাতে যাওয়ার অনুমতি পাবেন।
এবারের হজের আনুষ্ঠানিকতা শুরু হবে ১৯ জুলাই থেকে। চলবে ২ আগস্ট পর্যন্ত। এই সময়ে হাজি ও আয়োজকদের প্রত্যেকের জন্য সর্বদা মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে।
এর আগে অনেক জল্পনা-কল্পনার পর গত জুনে অভ্যন্তরীণ এক হাজার সৌদি নাগরিককে হজের অনুমতি দেয় সৌদি।

