চীনে সাড়ে ৩ কোটি মানুষ বন্যাকবলিত, মৃত্যু ১৪০
উত্তরদক্ষিণ । রবিবার, ১২ জুলাই ২০২০ । আপডেট ১৬:৪০
চীনের বিশাল অঞ্চলজুড়ে তুমুল বৃষ্টিপাতের পর মূলভূখণ্ডের ৩১টি প্রদেশের মধ্যে ২৭টিতে বন্যা দেখা দিয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, এসব প্রদেশের গ্রামাঞ্চলের প্রায় সাড়ে ৩ কোটি লোক বন্যাকবলিত হয়েছেন। মৃত্যু হয়েছে কিংবা খোঁজ পাওয়া যাচ্ছে না, এমন ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১৪০ জনে।
দেশটির পানি সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, জুলাইয়ের প্রথমদিক থেকে ২১২টি নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে বইছে। এরমধ্যে ১৯টি নদীর পানি স্মরণকালের মধ্যে সবচেয়ে বেশি উচ্চতা অতিক্রম করেছে। পরিস্থিতি সবচেয়ে নাজুক ইয়াংসির নদীর অববাহিকায় বলে জানিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম। চীনের সবচেয়ে বড় মিঠাপানির হ্রদ পয়াংয়ের উপচে পড়া পানি ইয়াংসি নদীর সঙ্গে যুক্ত হয়ে বহু শহর ও গ্রাম ডুবিয়ে দিতে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষগুলো।
ইয়াংসি নদীর তীরবর্তী অঞ্চলগুলোতে বৃষ্টিপাত অব্যাহত থাকায় রোববার কর্তৃপক্ষ দ্বিতীয় সর্বোচ্চ বন্যা সতর্কতা জারি করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ইয়াংসির তীরবর্তী অঞ্চলগুলোর মধ্যে পূর্বাঞ্চলীয় প্রদেশ জিয়াংসু ও জিয়াংশি সবচেয়ে বেশি বন্যাকবলিত হয়েছে। চীনে বন্যা নিয়ন্ত্রণের জন্য ৪ স্তরের জরুরি সতর্কতা ব্যবস্থা আছে। এর মধ্যে প্রথম স্তর সবচেয়ে মারাত্মক বন্যা পরিস্থিতি বোঝায়।
সিনহুয়ার তথ্য অনুযায়ী, জিয়াংসিতে যে দুই হাজার ৫৪৫ কিলোমিটার বাঁধ আছে, তার মধ্যে ২ হাজার ২৪২ কিলোমিটার বাঁধের আশপাশের অবস্থাই আশঙ্কাজনক। সর্বোচ্চ এ সতর্কতার মাধ্যমে কর্তৃপক্ষ নদীর আশপাশের এলাকায় ব্যাপক বন্যা এবং বাঁধ ধসের ব্যাপারে সাবধান করেছে।
প্রদেশটির স্থানীয় কর্মকর্তাদের অনেককেই নির্ঘুম রাত কাটাতে হচ্ছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সাউথ চায়না মর্নিং পোস্ট।
ব্যাপক বৃষ্টিপাতের পূর্বাভাস জানিয়ে শনিবার চীনের ন্যাশনাল অবজার্ভেটরি দক্ষিণাঞ্চলীয় হুনান, মধ্যাঞ্চলীয় হুবেই, দক্ষিণপশ্চিমের চংকিং এবং সিচুয়ান প্রদেশে নতুন করে ‘ইয়েলো অ্যালার্ট’ জারি করেছে। ছবি: সংগৃহীত।

