ফ্রেঞ্চ কাপের হারানো রাজত্ব ফিরে পেল পিএসজি
উত্তরদক্ষিণ । শনিবার, ২৫ জুলাই ২০২০ । আপডেট ১০:০৫
ফ্রেঞ্চ কাপের হারানো রাজত্ব ফিরে পেল প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। ফ্রেঞ্চ লিগ ওয়ানের পর আরো একটি ঘরোয়া টুর্নামেন্টের শিরোপা জিতল দলটি।
টুর্নামেন্টে এটা পিএসজির ১৩তম (সর্বোচ্চ) শিরোপা। সাফল্যের বিচারে তাদের পেছনে আছে অলিম্পিক মার্শেই। নয়বার চ্যাম্পিয়ন হয়েছে দলটি।
শুক্রবার (২৪ জুলাই) রাতে সেত অ্যাঁতকে ১-০ গোলে হারিয়ে ফ্রেঞ্চ কাপের হারানো রাজত্ব ফিরে পায় পিএসজি।
দলকে শিরোপা জেতানো মহামূল্যবান গোলটি করেছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ম্যাচের মাত্র ১৪ মিনিটের মাথায় কাইলিয়ান এমবাপের জোরালো শট ফিরিয়ে দিয়েছিলেন এতিয়েন গোলরক্ষক। কিন্তু বিপদমুক্ত করতে পারেননি। ফিরতি বল থেকে খুব সহজেই গোল করেন নেইমার।
এই এক গোলই হয়ে থাকে ফাইনালের ফল নির্ধারণী গোল। ম্যাচের বাকি সময়ে বেশ কিছু সুযোগ পেয়েছিল পিএসজি। কিন্তু ফিনিশিংয়ের অভাবে স্কোরলাইন ১-০ থেকে আর বাড়েনি।

