করোনায় নবজাতকের পর মায়ের মৃত্যু

করোনায় নবজাতকের পর মায়ের মৃত্যু

উত্তরদক্ষিণ । রবিবার, ২৬ জুলাই ২০২০ । আপডেট ১৫:০০

শেফা ইসলাম তুলি (২৫)। রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি ডা. আবদুল্লাহ আল মামুনকে বিয়ে করেছিলেন বছর দেড়েক আগে। আর তুলির জীবনে মা হওয়ার স্বপ্ন পূরণ হলেও সেই স্বপ্ন মিলিয়ে গেছে অনন্তকালের গহ্বরে। করোনাভাইরাস নামক অদৃশ্য শত্রু সবকিছু তছনছ করে দিয়েছে। সন্তান জন্ম দেয়ার আগেই শেফা ইসলাম তুলি করোনায় আক্রান্ত হন। তার শারীরিক অবস্থার অবনতি হলে ভর্তি করা হয় রাজধানীর স্কয়ার হাসপাতালে। রাখা হয় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রবিবার (২৬ জুলাই) সকালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

জানা গেছে, তুলি দু’দিন আগে একটি পুত্র সন্তান জন্ম দিয়েছিলেন ওই হাসপাতালে। কিন্তু করোনায় আক্রান্ত নবজাতককেও বাঁচানো যায়নি। সে মারা গেছে জন্মের পরের দিনই। এ ধরণের ঘটনা দেশে এটিই প্রথম বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি, রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটিসের (এফডিএসআর) যুগ্ম মহাসচিব ডা. রাহাত আনোয়ার চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের ১৫তম ব্যাচের পঞ্চম বর্ষের শিক্ষার্থী ছিলেন শেফা ইসলাম তুলি। মাত্র দু’দিন আগে তিনি সন্তান প্রসব করেছিলেন।’

শেফা ইসলামের সহপাঠী নাফিসা তাহসীন তরি বলেন, ‘গত ২৪ জুলাই দুপুরে স্কয়ার হাসপাতালে একটি ছেলে সন্তানের জন্ম দেন শেফা ইসলাম তুলি। সে সময় শিশুটির অবস্থাও আশঙ্কাজনক ছিল। শিশুটিকে এনআইসিইউতে ভেনটিলেশনে রাখা হয়েছিল। গতকাল রাত ১০টার দিকে শিশুটি মারা গেছে। আর আজ শেফা ইসলাম মারা গেলেন।’ নাফিসা তাহসীন বলেন, ‘আমি ও শেফা ইসলাম একই বর্ষের শিক্ষার্থী। আমাদের এখনো ফাইনাল পরীক্ষা বাকি।’

তুলির এভাবে চলে যাওয়ায় তার সহপাঠীরা গভীর শোকাহত। সবাই শোকে বাকরুদ্ধ। তার পরিবারে বইছে শোকের মাতম। স্ত্রী আর নবজাতক সন্তানকে হারিয়ে শোকে স্তব্ধ হয়ে গেছেন তুলির স্বামী ডা. আবদুল্লাহ আল মামুন। মামুন রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত আছেন বলে জানিয়েছেন তুলির সহপাঠী তরি।

এদিকে, ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজের শিক্ষার্থী ফেরদৌসী প্রমি কোভিড-১৯ আক্রান্ত হয়ে ২৬ দিন আইসিইউ-তে চিকিৎসাধীন থাকার পর গতকাল (২৫ জুলাই) মৃত্যুবরণ করেন বলে জানা গেছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading