চড় খাওয়া এএসআই ও বামনার ওসি দুজনই প্রত্যাহার

চড় খাওয়া এএসআই ও বামনার ওসি দুজনই প্রত্যাহার

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১১ আগস্ট ২০২০ । আপডেট: ২০:৩৬

কর্তব্যরত এএসআইকে চড় মেরে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার মুখে পড়েন বরগুনার বামনা থানার ওসি ইলিয়াছ আলী তালুকদার। শেষ পর্যন্ত তাকে প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে তাকে প্রত্যাহার করা হয় বলে জানান বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার মো. মফিজুল ইসলাম। অবশ্য গতকাল সোমবারই থানা থেকে প্রত্যাহার করা হয়েছে কর্তব্য পালনকালে জনসম্মুখে ওসির চড় খাওয়া সেই এএসআই-কে।

কক্সবাজারে নিহত অবসরপ্রাপ্ত মেজর সিনহার সঙ্গে থাকা শিক্ষার্থী সিফাতকে মাদক এবং অস্ত্র মামলায় জড়িয়ে কারাগারে পাঠানোর প্রতিবাদে গত শনিবার দুপুরে বামনা উপজেলা শহরে মানববন্ধন করেন সিফাতের সহপাঠীরা। এসময় শত শত মানুষ সিফাতের মুক্তির দাবি জানান। ওই কর্মসূচি পালনকারীদের তাড়িয়ে দিতে বিলম্ব করায় সবার সামনে একই থানায় কর্মরত এক এএসআইকে চড় মারেন ওসি ইলিয়াস। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তার বিরুদ্ধে সমালোচনার ঝড় ওঠে।

এ ঘটনায় একটি তদন্ত কমিটি হয় এবং কমিটির সুপারিশে ওসি-কে বামনা থানা থেকে প্রত্যাহার করা হয়েছে বলে জানান বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার ও গঠিত তিন সদস্যের তদন্ত কমিটির প্রধান মো. মফিজুল ইসলাম।

পুলিশ কর্মকর্তা মফিজুল ইসলাম বলেন, ‘দায়িত্বরত এএসআইকে চড় মারার ঘটনার সত্যতা পেয়েছি। তাই আমাদের তদন্ত প্রতিবেদনে বামনা থানার ওসি মোহাম্মদ ইলিয়াছ আলী তালুকদারকে প্রত্যাহারসহ বিভাগীয় ব্যবস্থা গ্রহণেরও সুপারিশ করা হয়। এরই প্রেক্ষিতে ইলিয়াছ আলী তালুকদারকে বামনা থানা থেকে প্রত্যাহার করে বরগুনা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।’

বরিশালের ডিআইজি অফিসের এক চিঠির মাধ্যমে বামনা থানার ওসিকে প্রত্যাহার করা হয় বলেও উল্লেখ করেন তিনি। এর আগে ১০ আগস্ট ভুক্তভোগী ওই এএসআইকেও বামনা থানা থেকে প্রত্যাহার করে বরগুনার পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading