করোনার টিকা: গণ-উৎপাদনের প্রস্তুতি ইন্ডিয়ার!
উত্তরদক্ষিণ । শনিবার, ১৫ আগস্ট ২০২০ । আপডেট: ১৮:৩০
বিজ্ঞানীদের কাছ থেকে ‘সবুজ সংকেত’ পেলে বিপুল পরিমাণে করোনা বা কোভিড-১৯ টিকা উৎপাদনে ইন্ডিয়া প্রস্তুত আছে বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইন্ডিয়ার স্বাধীনতা দিবসের ভাষণে শনিবার (১৫ আগস্ট) মোদী টিকা উৎপাদনের পাশপাশি যত দ্রুত সম্ভব তা দেশের প্রতিটি নাগরিকের কাছে পৌঁছে দিতে প্রস্তুত আছেন বলেও জানান।
দিল্লির ‘রেড ফোর্টে’ স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে মোদী বলেন, ‘একটি বা দুটি নয়, কোভিড-১৯ এর অন্তত তিনটি টিকা ভারতে পরীক্ষা করা হচ্ছে। শুধু টিকা উৎপাদনই নয়, বরং কীভাবে দ্রুততার সঙ্গে তা দেশের প্রতিটি মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, তার পরিকল্পনাও করা হয়ে গেছে।’
এদিন মোদী কমলা ও সাদা রঙের পাগড়ি পরে অনুষ্ঠানে আসেন। একই রঙের স্কার্ফ গলায় পেঁচানো ছিল। অনুষ্ঠানের সময় কেউ কাছে এসে গেলে ওই স্কার্ফ দিয়ে তিনি নাক-মুখ ঢাকেন।
করোনাভাইরাস মহামারীর মধ্যে এবার ইন্ডিয়ার স্বাধীনতা দিবসের আয়োজন তেমন ঝাঁকজমক পূর্ণ ছিল না। কুচকাওয়াজে অংশ নেওয়া সেনাদের কোয়ারেন্টিনে থাকতে হয়েছে। অনুষ্ঠানে মাত্র ৪ হাজার অতিথি আমন্ত্রিত ছিলেন। প্রতিটি চেয়ার ৬ ফুট দূরে দূরে ছিল। মোদী এদিন ১৩০ কোটি রুপির স্বাস্থ্য প্রকল্প ‘ন্যাশনাল ডিজিটাল হেল্থ মিশন’ উদ্বোধন করেন।
করোনাভাইরাস মহামারী আটকাতে বিশ্বের অনেক দেশ ও ইন্সটিটিউট টিকা আবিষ্কারের চেষ্টা করছে। তারা টিকা পরীক্ষার নানা ধাপে রয়েছে। বিশ্বের প্রথম দেশ হিসেবে গত সপ্তাহে রাশিয়া কোভিড-১৯ এর একটি টিকা ব্যবহারের অনুমোদন দিয়েছে। মস্কোর ‘গামালিয়া ইনস্টিটিউট’র বানানো ওই টিকা মানব দেহে পরীক্ষামূলক ব্যবহারের পর দুই মাসও পেরোয়নি। তৃতীয় বা চূড়ান্ত ধাপের পরীক্ষাও হয়নি। তার আগেই সেটিকে গণহারে ব্যবহারের অনুমোদন দেওয়া নিয়ে বিশ্বজুড়ে স্বাস্থ্য বিশেষজ্ঞরা উদ্বেগ প্রকাশ করেছেন।

