কওমি মাদ্রাসাগুলোয় পরীক্ষার অনুমতি
উত্তরদক্ষিণ । সোমবার, ২৪ আগস্ট ২০২০ । আপডেট: ১৭:৫০
করোনার কারণে আটকে থাকা ডিগ্রি ও মাস্টার্স পর্যায়ের সমমানের পরীক্ষাগুলো নেওয়ার অনুমতি পেয়েছে কওমি মাদ্রাসাগুলো। তবে কিতাব বিভাগ চালুর অনুমতি দেওয়া হয়নি। সোমবার (২৪ আগস্ট) সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে সীমিত আকারে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠক শেষে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।
সচিব জানান, মাদ্রাসাগুলোর দাবির পরিপ্রেক্ষিতে এই অনুমতি দেওয়া হয়েছে। তবে মাদ্রাসা কর্তৃপক্ষকে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নিতে হবে।
এর আগে ১৭ আগস্ট মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে দেখা করে কিতাব বিভাগের কার্যক্রম চালু ও পরীক্ষা নেওয়ার সুযোগ করে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন জানিয়েছিল কওমি মাদ্রাসাগুলো। ওইদিন সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিবের কাছে আবেদনপত্রটি পৌঁছে দেন কওমি মাদ্রাসার বোর্ড জাতীয় দ্বীনি মাদ্রাসা শিক্ষা বোর্ড, বাংলাদেশের একটি প্রতিনিধি দল। এর পর সরকারের পক্ষ থেকে পরীক্ষা নেওয়ার অনুমতি আসে।

