এবার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের ঘোষণা দিলো বাহরাইন
উত্তরদক্ষিণ । শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২০ । আপডেট ১১:১১
সংযুক্ত আরব আমিরাতের পর এবার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের ঘোষণা দিয়েছে সৌদি বলয়ের আরেক দেশ বাহরাইন।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও বাহরাইনের এক যৌথ বিবৃতিতে এ ঘোষণা দেওয়া হয়েছে। এ সমঝোতার নেপথ্য কারিগর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এতো দ্রুত এ ঘটনা ঘটবে; এটা ছিল অকল্পনীয়।
টুইটারে দেওয়া এক পোস্টে ওই বিবৃতি তুলে ধরেছেন ট্রাম্প। এ ঘটনাকে ঐতিহাসিক হিসেবে আখ্যায়িত করেছেন তিনি।
আরও পড়ুন: ‘ফিলিস্তিনিদের সাথে বিশ্বাসঘাতকতা করে ইসরাইলের সঙ্গে সম্পর্ক চায় না বাহরাইন’
তিন দেশের যৌথ বিবৃতিতে বলা হয়েছে, শুক্রবার ইসরায়েলের প্রধানমন্ত্রী ও বাহরাইনের রাজার সঙ্গে ট্রাম্পের আলোচনার পরই এ বিষয়ে একমত হয় সংশ্লিষ্ট পক্ষগুলো।
বিবৃতিতে এ ঘটনাকে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় একটি ঐতিহাসিক ঘটনা হিসেবে আখ্যায়িত করা হয়। সূত্র: আল জাজিরা।

