একরাতে সাতটি বাল্যবিয়ে বন্ধ করলেন ইউএনও
উত্তরদক্ষিণ । শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২০ । আপডেট ১৫:২৫
একরাতে সাতটি বাল্যবিয়ে বন্ধ করলেন সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনিসুর রহমান। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল থেকে গভীর রাত পর্যন্ত বেলকুচি উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে এসব বাল্যবিয়ে বন্ধ করা হয় বলে জানা গেছে। এ সময় বর-কনের অভিভাবকদের কাছ থেকে মোট ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে ইউএনও এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান নিজেই গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এসব অভিযান চালানো হয়। বিকেলে উপজেলার রাজাপুর ইউনিয়নের কদমতলী গ্রামে সপ্তম শ্রেণির ছাত্রী (১৩), ধুকুরিয়া বেড়া ইউনিয়নের চর মিটুয়ানী গ্রামে ষষ্ঠ শ্রেণির ছাত্রী (১২), সন্ধ্যায় পৌর এলাকার চালা সাতরাস্তা মহল্লার একাদশ শ্রেণির ছাত্রী (১৭), রাত ৮টায় ভাংগাবাড়ী ইউনিয়নের সেনভাংগাবাড়ী গ্রামের নবম শ্রেণির ছাত্রী (১৪), রাত ৯টায় দৌলতপুর ইউনিয়নের দৌলতপুর পেস্তক পাড়া গ্রামে ষষ্ঠ শ্রেণির ছাত্রী (১৩), রাত ১০টায় দৌলতপুর পশ্চিমপাড়া গ্রামের অষ্টম শ্রেণির ছাত্রী (১৩) ও রাত সাড়ে ১১টায় পৌরসভার চালা অফিসপাড়া এলাকায় ১০ম শ্রেণির এক ছাত্রীর (১৫) বিয়ে বন্ধ করা হয়।
সাতটি বিয়ের কনেই ছিল অপ্রাপ্তবয়স্ক। এসব বাল্যবিয়ের আয়োজন করায় বর-কনের অভিভাবকদের কাছ থেকে মোট ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ে দেবেন না মর্মে মুচলেকা নেয়া হয়েছে বলেও জানান ইউএনও।

