ওবায়দুল কাদেরের মন্তব্য : ‘মাই ম্যান’ কমিটি গঠন করা যাবে না

ওবায়দুল কাদেরের মন্তব্য : ‘মাই ম্যান’ কমিটি গঠন করা যাবে না

উত্তরদক্ষিণ | শনিবার, ০৩ অক্টোবর, ২০২০ | আপডেট: ২০:১৫

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দলের মধ্যে নিজস্ব বলয় সৃষ্টির জন্য নিজেদের লোক দিয়ে ‘মাই ম্যান’ কমিটি গঠন করা যাবে না। আজ শনিবার (৩ অক্টোবর) আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সভা শেষে নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

কাদের বলেন, শেখ হাসিনার সভাপতিত্বে কার্যনির্বাহী কমিটির সভায় সাংগঠনিক কার্যক্রম আরও সক্রিয় করার জন্য আটটি বিভাগের জন্য কেন্দ্রীয় কমিটির নেতাদের নিয়ে আটটি ‘টিম’ গঠন করার সিদ্ধান্ত হয়েছে। দলীয় সভাপতি সাংগঠনিক জেলার কমিটি গঠনের ক্ষেত্রে দুর্দিনের ত্যাগী, পরীক্ষিত, নিবেদিত নেতাকর্মীরা যাতে বাদ না পড়ে সেইদিকে সকলকে লক্ষ্য রাখার নির্দেশ দিয়েছেন।

“সভাপতি ও সাধারণ সম্পাদক হলেই নিজেদের লোক দিয়ে নিজস্ব বলয় সৃষ্টির জন্য ‘মাই ম্যান’ কমিটি গঠন করা যাবে না। সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে যারা প্রার্থী হয়েছিলেন, তাদের মধ্যে যোগ্যতাসম্পন্ন ও পরীক্ষিত নেতাদের ব্যক্তিগত দ্বন্দ্ব বা ক্ষোভের কারণে বাদ দেওয়া যাবে না। কোনো অবস্থাতে পার্টির অভ্যন্তরে বিতর্কিত লোকদের আশ্রয় ও প্রশ্রয় দেওয়া যাবে না।”

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, “তৃণমূলের সব কমিটি সম্মেলনের মধ্য দিয়ে গঠন করতে হবে। ওয়ার্ড, ইউনিয়ন থেকে শুরু করে উপজেলা, থানা শেষ করে জেলা বা মহানগরের সম্মেলন শেষ করতে হবে। সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করা হলে মাঠের লোক নেতা হয়, আর সম্মেলন ছাড়া কমিটি গঠন করা হলে লবিং বা তদবিরে কিছু লোক নেতা হয়।”

কাদের বলেন, জেলা কমিটি পূর্ণাঙ্গ করার ক্ষেত্রে আওয়ামী লীগের দায়িত্বপ্রাপ্ত বিভাগীয় টিমের দায়িত্বপ্রাপ্ত নেতারা তৃণমূলের মত ও অভিযোগসমূহ পর্যালোচনা করবে এবং প্রস্তাবিত কমিটি সম্পর্কিত প্রতিবেদন ও প্রস্তাবনা দলীয় সভাপতির কার্যালয়ে পেশ করবে। সভাপতির নির্দেশনা অনুযায়ী কমিটি অনুমোদন করা হবে।

“করোনা মহামারী প্রেক্ষাপট বিবেচনায় রেখে সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার জন্য সীমিত পরিসরে ও স্বাস্থ্যবিধি মেনে যতদূর সম্ভব উপজেলা, থানা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন আয়োজন করতে হবে। এছাড়াও ইতিপূর্বে যেগুলোর সম্মেলন হয়েছে কিন্তু পূর্ণাঙ্গ কমিটি হয়নি, তারা দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করবে।”

কাদের বলেন, “বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী আগামী শীতে করোনা মহামারীর একটা শক্তিশালী আঘাতের আশঙ্কা রয়েছে। এই আশঙ্কা মোকাবেলায় আমাদের সভাপতি শেখ হাসিনা সংগঠনের সকল স্তরের নেতাকর্মীতের সতর্ক ও প্রস্তত থাকার নির্দেশনা প্রদান করেছেন। পাশাপাশি জনগণের মাঝে সচেতনতা ও জনকল্যাণে কাজ করে যাওয়ার আহ্বান জানিয়েছেন।”

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading