ধর্ষকদের শাস্তি দাবিতে রাজশাহীতে বিক্ষোভ
উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২০ | আপডেট: ১৪:৩০
সাম্প্রতিক সময়ে দেশে নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনা বেড়ে যাওয়ার প্রতিবাদ এবং ধর্ষণকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে রাজশাহী নগরীতে বিক্ষোভ করেছে সাধারণ শিক্ষার্থীরা। কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি পেশার সাধারণ মানুষও অংশ নেন।
মঙ্গলবার (০৬ অক্টোবর) বেলা ১১টার দিকে নগরীর সাহেববাজারে মানববন্ধন, অবস্থান কর্মসূচি বিক্ষোভের আয়োজন করা হয়। এ সময় রাস্তায় চলাচল বন্ধ হয়ে যায়।
বিক্ষোভে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, বিভিন্ন পেশাজীবী মানুষ বক্তব্য দেন ও বিচারের দাবি করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশের সব ধর্ষণের বিচার দ্রুত করতে হবে। বিচারহীণতার কারণে ধর্ষণ বেড়েই চলেছে। সকল ধর্ষণকে দ্রুত বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
সাধারণ শিক্ষার্থীরা ‘আমার সোনার বাংলায় ধর্ষকদের ঠাঁয় নাই’, ‘নো রেপ’, ‘নিরাপদে থাকুক সকল মা-বোন’, ‘বন্ধ হোক ধর্ষণ’, ‘অ্যাম আই নেক্সট?’- এ ধরনের শ্লোগান সম্বলিত ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে এ কর্মসূচিতে অংশ নেন। -ইউএনবি

