দুর্নীতির মামলা: আদালত পাল্টাতে বাবরের আবেদন খারিজ
উত্তরদক্ষিণ | বুধবার, ১৪ অক্টোবর, ২০২০ | আপডেট: ১৮:২০
চারদলীয় জোট সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী ও একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় মৃত্যুদণ্ড পাওয়া আসামি লুৎফুজ্জামান বাবরের অবৈধ সম্পদ অর্জনের মামলার বিচারিক আদালত পরিবর্তনের আবেদন সরাসরি খারিজ করে দিয়েছে হাই কোর্ট।
একই সঙ্গে উচ্চ আদালতের এই আদেশ পাওয়ার ৩০ দিনের মধ্যে মামলা নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইনজীবীরা। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের ভার্চুয়াল হাই কোর্ট বেঞ্চ বুধবার (১৪ অক্টোবর) এই আদেশ দেয়।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী পারভেজ হোসেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে শুনানি করেন মো. খুরশিদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন ( মানিক) ও সহকারী অ্যাটর্নি জেনারেল মাহজাবিন রাব্বানী দীপা।
দুদকের আইনজীবী খুরশিদ আলম খান বলেন, “লুৎফুজ্জামান বাবর আদালত পরিবর্তন করতে আসছিলেন। কিন্তু মামলাটি বিচারিক আদালতে একদম শেষ পর্যায়ে আছে। আদালত তিন পক্ষকে শুনে আবেদনটি খারিজ করে দিয়েছেন এবং বলেছেন এই আদেশটি পাওয়ার ৩০ দিনের মধ্যে মামলাটি নিষ্পত্তি করার জন্য।”
৭ কোটি ৫ লাখ ৯১ হাজার ৮৯৬ টাকার সম্পদ অর্জনের তথ্য গোপন ও মিথ্যা তথ্য দেওয়ায় দুদকের সহকারী পরিচালক মির্জা জাহিদুল আলম ২০০৮ সালের ১৩ জানুয়ারি রমনা থানার মামলা করেন। দুদকের উপপরিচালক রুপক কুমার সাহা মামলাটি তদন্ত করে ওই বছরের ১৬ জুলাই অভিযোগ পত্র দেন।
মামলাটি ঢাকার বিশেষ জজ আদালত -৭ এ বিচারাধীন মামলাটি সাক্ষ্য গ্রহণ শেষে চলতি বছরের ১ মার্চ ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারা অনুযায়ী পরীক্ষা করা হয়। এর মধ্যে আসামি জানান তিনি সাফাই সাক্ষী দিবেন না। কিন্তু লিখিত বক্তব্য দিবেন বলে সময় নেন।
এভাবে তিন দফা সময় নেন লিখিত বক্তব্যের কথা বলে। এর মধ্যে হাই কোর্টে আদালত পরিবর্তন চেয়ে আবেদন করেন। বুধবার বিচারিক আদালতে মামলাটি উঠলে আগামী ১৫ নভেম্বর পরবর্তী তারিখ রেখেছে বলে জানান ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক।

