হাম নিয়ে সরকারি হাসপাতালের জন্য জরুরি নির্দেশনা
উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, আপডেট ১৪:৩৫
হামের রোগীর চাপ সামাল দিতে দেশের সব সরকারি হাসপাতালকে শয্যা বাড়ানোর নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। সেই সঙ্গে শয্যা সংকট দেখিয়ে কোন হাসপাতাল থেকে হাম বা হাম-উপসর্গের রোগীকে অন্যত্র ফেরত পাঠানো যাবে না বলেও নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
জরুরি নির্দেশনায় বলা হয়, হাসপাতালে শয্যা খালি না থাকলেও রোগী ফিরিয়ে দেওয়া যাবে না। প্রয়োজনে অতিরিক্ত শয্যার ব্যবস্থা করতে হবে। তবে কেবলমাত্র জটিল ও উন্নত চিকিৎসার প্রয়োজন হলে রোগীকে রেফার্ড করা যাবে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, রেফার্ডের ক্ষেত্রে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জেলা হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতাল ও বিশেষায়িত হাসপাতালের নির্ধারিত রেফারাল চেইন কঠোরভাবে অনুসরণ করতে হবে। এ নিয়ম লঙ্ঘন হলে সংশ্লিষ্ট হাসপাতালের প্রধানকে দায় নিতে হবে।
ইউডি/রেজা

