অপরাধী যেই হোক আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
উত্তরদক্ষিণ | সোমবার, ২৬ অক্টোবর, ২০২০ | আপডেট: ১৫:১২
রাজধানীর কলাবাগান এলাকায় নৌবাহিনীর কর্মকর্তাকে মারধরের ঘটনায় যেই জড়িত থাকুক তাকে আইনের মুখোমুখি হতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে ও তার সহযোগীদের বিরুদ্ধে নৌবাহিনীর এক কর্মকর্তাকে মারধরের অভিযোগের ঘটনায় প্রতিক্রিয়া জানাতে গিয়ে সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর ধানমণ্ডির নিজ বাসভবনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
রবিবার (২৫ অক্টোবর) রাতে রাজধানীর কলাবাগানে নৌবাহিনীর ওই কর্মকর্তাকে মারধরের ঘটনায় আজ সোমবার হাজী সেলিমের ছেলে ও তার সহযোগীদের বিরুদ্ধে ধানমন্ডি থানায় হত্যাচেষ্টার মামলা হয়েছে। নৌবাহিনীর লেফটেন্যান্ট ওয়াসিফ আহমদ খান বাদী হয়ে সোমবার ভোরে মামলাটি করেছেন।
এই ঘটনার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কেউ অপরাধ করলে তাকে আইনের আওতায় আনা হবে। সে যেই হোক। সে জনপ্রতিনিধি হোক বা যেই হোক। আইনের মুখোমুখি হতেই হবে।’

