‘স্বাধীনতা পুরস্কার ২০২০’ প্রদান
উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০ | আপডেট: ১৪:১৮
জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ আটজন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার ২০২০’ তুলে দেয়া হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) পুরস্কারপ্রাপ্তদের হাতে পদক তুলে দেন। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পুরস্কারপ্রাপ্তরা হলেন স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক), মরহুম কমান্ডার (অব.) আবদুর রউফ, মরহুম মুহম্মদ আনোয়ার পাশা ও আজিজুর রহমান, চিকিৎসাবিদ্যায় অধ্যাপক ডা. মো. উবায়দুল কবীর চৌধুরী ও অধ্যাপক ডা. এ কে এম এ মুক্তাদির, সংস্কৃতিতে কালীপদ দাস ও ফেরদৌসী মজুমদার এবং শিক্ষায় টাঙ্গাইলের মির্জাপুরের ভারতেশ্বরী হোমস।
মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম অনুষ্ঠানের সঞ্চালনা করেন এবং পুরস্কারপ্রাপ্তদের সংক্ষিপ্ত জীবনী তুলে ধরেন।
পুরস্কারপ্রাপ্তদের পক্ষে অধ্যাপক ডা. একেএমএ মুক্তাদির অনুষ্ঠানে বক্তব্য দেন।
এর আগে গত ২০ ফেব্রুয়ারি জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘স্বাধীনতা পুরস্কার ২০২০’এর জন্য বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানের নাম ঘোষণা করে সরকার। ২৫ মার্চ আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা পুরস্কার তুলে দেয়ার ঐতিহ্য থাকলেও চলতি বছর কোভিড-১৯ মহামারির কারণে এটা সম্ভব হয়নি। -ইউএনবি

