করোনায় বিশ্বব্যাপী মৃত্যু ১২ লাখ ২৪ হাজার ১৪৪

করোনায় বিশ্বব্যাপী মৃত্যু ১২ লাখ ২৪ হাজার ১৪৪

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২০ | আপডেট: ১২:১০

জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের (জেএইচইউ) প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী- বৃহস্পতিবার (০৫ নভেম্বর) সকাল পর্যন্ত বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১২ লাখ ২৪ হাজার ১৪৪ জনে দাঁড়িয়েছে। এছাড়া কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ কোটি ৮০ লাখ ৮ হাজার ১৭৫ জনে।

জেএইচইউ এর তথ্য অনুযায়ী- এদিন সকাল পর্যন্ত সারা বিশ্বে প্রাণঘাতী এই ভাইরাস থেকে সুস্থ হয়েছেন ৩ কোটি ১৮ লাখ ৩১ হাজার ৭৬৪ ব্যক্তি।

করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, দক্ষিণ এশিয়ার দেশ ইন্ডিয়া এবং ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল।

সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যার দিক দিয়ে বিশ্বে প্রথমে রয়েছে আমেরিকা। এখনও ব্যাপক হারে সেখানে করোনার বিস্তার হচ্ছে। দ্রুত আক্রান্তের পাশাপাশি মৃত্যুও থেমে নেই। দেশটিতে করোনায় আক্রান্ত ৯৪ লাখ ৮০ হাজার ২৯২ জনে দাঁড়িয়েছে এবং ২ লাখ ৩৩ হাজার ৬৬৩ জন মৃত্যুবরণ করেছেন।

যুক্তরাষ্ট্রের পরে মৃতের সংখ্যায় সবচেয়ে বেশি রয়েছে ব্রাজিল ও ইন্ডিয়া। বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশ ইন্ডিয়ায় মোট আক্রান্ত ৮৩ লাখ ১৩ হাজারেরও বেশি মানুষ এবং মারা গেছেন ১ লাখ ২৩ হাজার ৬১১ জন। মৃতের সংখ্যায় দ্বিতীয় সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত দেশ ব্রাজিল। দেশটিতে মোট শনাক্ত রোগী ৫৫ লাখ ৯০ হাজার ২৫ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৬১ হাজার ১০৬ জনের।

এদিকে মৃতের সংখ্যায় যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও ইন্ডিয়ার পর রয়েছে যথাক্রমে মেক্সিকো, যুক্তরাজ্য ও ইতালি। কোভিড-১৯ আক্রান্ত হয়ে মেক্সিকোতে এখন পর্যন্ত ৯৩ হাজার ২২৮ জন, যুক্তরাজ্যে ৪৭ হাজার ৮৩২ জন এবং ইতালিতে ৩৯ হাজার ৭৬৪ জন প্রাণ হারিয়েছেন।

জেএইচইউ এর তথ্য অনুযায়ী- ইন্ডিয়ায় সুস্থ হয়েছেন ৭৬ লাখ ৫৬ হাজার ৪৭৮ জন। এছাড়া ব্রাজিলে ৫০ লাখ ৭৮ হাজার ১৬২ ও যুক্তরাষ্ট্রে ৩৭ লাখ ৪৩ হাজার ৫২৭ জন করোনামুক্ত হয়েছেন।

এদিকে বাংলাদেশে আরও ২১ জনের মৃত্যুর মধ্য দিয়ে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৪ জনে। এছাড়া, নতুন করে ১ হাজার ৫১৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। যার ফলে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৪ লাখ ১৪ হাজার ১৬৪ জনে।

বুধবার (০৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশের সরকারি ও বেসরকারি ১১৪টি ল্যাবে নমুনা সংগ্রহ করা হয় ১৪ হাজার ৪২৮টি এবং পরীক্ষা করা হয় ১৩ হাজার ৯১৪টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ২৩ লাখ ৮৯ হাজার ৬৭৭টি।

২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১০ দশমিক ৯০ শতাংশ। আর মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ১৭ দশমিক ৩৩ শতাংশ।

নতুন যে ২১ জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ১৭ এবং ৪ জন নারী। এখন পর্যন্ত মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৪ হাজার ৬২১ জন বা ৭৬ দশমিক ৯৭ শতাংশ এবং নারী এক হাজার ৩৮৩ জন বা ২৩ দশমিক শুণ্য ৩ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১.৪৫ শতাংশ।

এদিকে, করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৯১০ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৩১ হাজার ৬৯৭ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮০ দশমিক শুণ্য ৯ শতাংশ।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading