করোনায় বিশ্বব্যাপী মৃত্যুর সংখ্যা ছাড়াল ১৩ লাখ ৭১ হাজার

করোনায় বিশ্বব্যাপী মৃত্যুর সংখ্যা ছাড়াল ১৩ লাখ ৭১ হাজার

উত্তরদক্ষিণ | শনিবার, ২১ নভেম্বর, ২০২০ | আপডেট: ১৩:১১

শীত মৌসুম শুরু হওয়ার সঙ্গে সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশে লেগেছে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ। ভাইরাস শনাক্তের পাশাপাশি সমানতালে বেড়ে চলেছে মৃত্যুও। শনিবার (২১ নভেম্বর) সকালে জন হপকিন্স বিশ্ববিদ্যালয় (জেএইচইউ) প্রকাশিত সর্বশেষ তথ্য মতে, এখন পর্যন্ত বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ কোটি ৭৫ লাখ ১৪ হাজার ৪৮২ জনে।

এছাড়া, কোভিড-১৯ আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ১৩ লাখ ৭১ হাজার ৫৮৩ জনে।

গত বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। চলতি বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে মহামারি ঘোষণা করে। এর আগে ২০ জানুয়ারি জরুরি পরিস্থিতি ঘোষণা করে ডব্লিউএইচও

করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এ পর্যন্ত দেশটিতে ১ কোটি ১৯ লাখ ৮ হাজার ৩৯৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং মৃত্যুবরণ করেছেন ২ লাখ ৫৪ হাজার ৩৮৩ জন।

পৃথিবীর দ্বিতীয় জনবহুল দেশ ভারত রয়েছে করোনায় আক্রান্ত দেশের তালিকায় দ্বিতীয় স্থানে। ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল আক্রান্ত দেশের তালিকায় তৃতীয় স্থানে থাকলেও সর্বাধিক মৃতের সংখ্যায় রয়েছে দ্বিতীয় স্থানে।

দক্ষিণ এশিয়ার দেশ ভারতে মোট আক্রান্ত ৯০ লাখ ৪ হাজারেরও বেশি এবং মারা গেছেন ১ লাখ ৩২ হাজার ১৬২ জন। ব্রাজিলে মোট শনাক্ত রোগী প্রায় ৬০ লাখ ২০ হাজারের বেশি এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৬৮ হাজার ৬১৩ জনের।

রোগী শনাক্তের দিক দিয়ে তালিকার পরবর্তী কয়েকটি দেশ হলো- ফ্রান্স (২১ লাখ ৬০ হাজারের বেশি), রাশিয়া (২০ লাখের বেশি), স্পেন (১৫ লাখ ৫৬ হাজারের বেশি) ও যুক্তরাজ্য (প্রায় ১৪ লাখ ৭৭ হাজার)।

মৃতের দিক দিয়ে বিশ্বে চতুর্থ স্থানে আছে মেক্সিকো (১ লাখ ৮২৩ জন)। এরপর যুক্তরাজ্যে ৫৪ হাজার ৩৮১ জন, ইতালিতে ৪৮ হাজার ৫৬৯ জন, ফ্রান্সে ৪৮ হাজার ৩৪১ জন ও ইরানে ৪৩ হাজার ৮৯৬ জন মারা গেছেন। তথ্যসূত্র: ইউএনবি

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading