পাকিস্তানের গোলাবর্ষণে ইন্ডিয়ান সেনা নিহত
উত্তরদক্ষিণ| শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২০ | আপডেট: ১০:৩৮
পাকিস্তানি সেনাদের গোলাবর্ষণে ইন্ডিয়া নিয়ন্ত্রিত কাশ্মীরের পুঞ্চ জেলায় ভারতীয় সেনাবাহিনীর এক জুনিয়র কমিশনড অফিসার নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় মোহম্মদ রশিদ নামে আহত একজনকে জম্মুর জিএমসি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইন্ডিয়ান সংবাদমাধ্যমগুলো জানায়, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে সীমান্তবর্তী গ্রামগুলো লক্ষ্য করে গোলাবর্ষণ করে পাকসেনারা। এতে মারা যান ইন্ডিয়ান সেনার জুনিয়র কমিশনড অফিসার স্বতন্ত্র সিং।
ইন্ডিয়ান সেনার এক কর্মকর্তা জানিয়েছেন, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) স্থানীয় সময় বেলা দেড়টার দিকে পুঞ্চের কসবা ও কিরনি সেক্টরকে নিশানা করে পাক রেঞ্জার্স। তাদের ছোঁড়া গুলিতে গুরুতর আহত হন জেসিও স্বতন্ত্র সিং। পরে তাকে সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু বাঁচানো যায়নি।
উল্লেখ্য, গত ২১ নভেম্বর জম্মু-কাশ্মীরের আন্তর্জাতিক সীমান্ত ও এলওসি ঘেঁষা একাধিক সেক্টরে পাকসেনার গোলায় ইন্ডিয়ান সেনার এক জওয়ান নিহত হন।

