অক্সিজেন ও দশটি জরুরি পরীক্ষার খরচ নির্ধারণ
উত্তরদক্ষিণ | রবিবার, ১৩ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ২২:০০
অক্সিজেন সিলিন্ডার, সিলিন্ডার রিফিলিং ও হাসপাতালে অক্সিজেনের ব্যবহার খরচসহ করোনাভাইরাস রোগীদের দশটি জরুরি পরীক্ষার মূল্য নতুন করে নির্ধারণ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে ওই মূল্য তালিকা এখনও স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
আদালত বলেছে, সরকারি-বেসরকারি যেসব হাসাপতাল করোনাভাইরাসের চিকিৎসা দিচ্ছে, সেসব হাসপাতালের সামনে উন্মুক্ত স্থানে নতুন এ মূল্য তালিকা প্রদর্শন করতে হবে।
আদেশ পাওয়ার সাত দিনের মধ্যে স্বাস্থ্য সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে মূল্য তালিকা প্রদর্শনের ব্যাপারে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক সমূহ) মো. ফরিদ হোসেন মিঞা অবশ্য বলছেন, মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া এ তালিকা এখনই প্রদর্শন করা যাবে না।
রবিবার (১৩ ডিসেম্বর) জনস্বার্থে করা একটি রিট মামলায় স্বাস্থ্য অধিদপ্তরের অগ্রগতি প্রতিবেদন দেখে বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।
আদালতে প্রতিবেদনটি উপস্থাপন করেন সহকারী অ্যাটর্নি জেনারেল কালীপদ মৃধা। আর এ প্রতিবেদনের উপর শুনানি করেন রিট আবেদনকারী আইনজীবী বশির আহমেদ।
আদেশের পর রিটকারী পক্ষের আইনজীবী বলেন, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ও ডায়াগনস্টিক সেন্টারে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার ফি (ইউজার ফি) নির্ধারণ, ১৯৮২ সালের দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিস (রেগুলেশন) অধ্যাদেশের বিধান যুগোপযোগী করে নতুন আইন প্রণয়ন ও হেলথ রেগুলেটরি কমিশন গঠন ও সারা দেশে জেলা সদরে ৩০ শয্যার আইসিইউ-সিসিইউ স্থাপনের অগ্রগতি আগামী ২০ জানুয়ারির মধ্যে দাখিল করার নির্দেশ দিয়েছে আদালত। এছাড়া স্বাস্থ্য অধিদপ্তর করোনাভাইরাস রোগীদের ১০টি পরীক্ষাসহ অক্সিজেনের মূল্য নির্ধারণ করেছে। হাইকোর্ট নির্দেশ দিয়েছে, যেসব হাসপাতাল করোনাভাইরাসের চিকিৎসা দিচ্ছে, আদেশ পাওয়ার ৭ দিনের মধ্যে সেখানে এই মূল্য তালিকা প্রদর্শন করতে হবে।
দশ পরীক্ষার মূল্য নির্ধারণ
যে দশটি পরীক্ষার মূল্য নির্ধারণ করে মন্ত্রণালয়ের অনুমোদনের জন্য পাঠানো হয়েছে সেগুলোর তালিকা দেওয়া হয়েছে হাইকোর্টে জমা দেওয়া প্রতিবেদনে।
সেখানে বলা হয়েছে, কোভিড-১৯ আক্রান্তদের দশটি সাধারণ পরীক্ষা বার বার করার প্রয়োজন হয়। এর পাশাপাশি ডেঙ্গু রোগীদের সাধারণ কিছু পরীক্ষার সর্বোচ্চ মূল্য নির্ধারণের জন্য হাসপাতালগুলোর সঙ্গে আলোচনা করে একটি খসড়া মূল্য নির্ধারণ করা হয়েছিল। সবার সঙ্গে আলোচনার ভিত্তিতে তা চূড়ান্ত করা হয়েছে।
সিদ্ধান্ত হয়েছে, এই মূল্যই সর্বোচ্চ মূল্য বলে বিবেচিত হবে। যারা আগে এর চেয়ে কম খরচ নিতেন, তাদের জন্য আগের কম মূল্যই প্রযোজ্য হবে।
পরীক্ষার নাম
সর্বনিম্ন-সর্বোচ্চ মূল্য
নতুন স্থিরকৃত মূল্য
CBC
৪০০-৬০০ টাকা
৫০০ টাকা
CRP
৬০০-৯০০ টাকা
৬০০ টাকা
LFT
৯৫০-১৬০০ টাকা
১০০০ টাকা
S. Creatinine
৩০০-৬৫০ টাকা
৪০০ টাকা
S. Electrolyte
৮৫০-১৪৫০ টাকা
১০০০ টাকা
D. Dimer
১১০০-৩২০০ টাকা
১৫০০ টাকা
S. Ferritin
১০০০-২২০০ টাকা
১২০০ টাকা
S. Procalcitonin
১৫০০-৪৫০০ টাকা
২০০০ টাকা
Ct Scan Chest
৫০০০-১৩০০০ টাকা
৬০০০ টাকা
Chest X-Ray Analog
Chest X-Ray Digital
৩০০-৫০০ টাকা
৫০০-৮০০ টাকা
৪০০ টাকা
৬০০ টাকা

