খোলাবাজারে টিকা বিক্রি করতে চায় সেরাম ইনস্টিটিউট
উত্তরদক্ষিণ | সোমবার, ০৪ জানুয়ারী, ২০২১ | আপডেট: ১৬:১৪
ইন্ডিয়ার কেন্দ্রীয় সরকার অনুমতি পেলে অক্সফোর্ডের টিকা খোলাবাজারে বিক্রি করতে চায় সেরাম ইনস্টিটিউট। সে ক্ষেত্রে প্রতি ডোজ টিকার দাম পড়বে ১ হাজার রুপি। সেরাম ইনস্টিটিউটের প্রধান আদর পুনাওয়ালা এনডিটিভিকে এ কথা জানিয়েছেন।
আদর পুনাওয়ালা বলেন, তারা ইন্ডিয়া সরকারকে বিশেষ দামে এই টিকা দিচ্ছেন। প্রথম ১০ কোটি ডোজ টিকার জন্য তারা ইন্ডিয়া সরকারের কাছ থেকে ২০০ রুপি করে দাম নিচ্ছেন। পরে দরপত্রের মাধ্যমে টিকা সরবরাহ করা হবে। সে ক্ষেত্রে দাম ভিন্ন ধরনের হবে।
সেরাম ইনস্টিটিউটের প্রধান নির্বাহী বলেন, ইন্ডিয়া সরকারকে যে দামেই দেন না কেন, সরকার দেশটির জনগণকে বিনা মূল্যে এই টিকা দেবে। আর পরবর্তী সময় তারা যখন খোলাবাজারে বাণিজ্যিকভাবে টিকা বিক্রি করবেন, তখন প্রতি ডোজের দাম পড়বে ১ হাজার রুপি।
আদর পুনাওয়ালার আশা, আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে সব ধরনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়ে যাবে। তারপর ইন্ডিয়ায় এই টিকা দেওয়া শুরু হবে। আগামী এক থেকে দেড় মাসের মধ্যে ৭ থেকে ৮ কোটি ডোজ টিকা সরবরাহ করতে পারবেন বলে আশা সেরাম ইনস্টিটিউটের প্রধানের।
আদর পুনাওয়ালা বলেন, ইন্ডিয়া সরকারের নীতিমালা ও চিন্তাভাবনা অনুযায়ী চলতে হবে। সরকার বলেছে, সেরাম ইনস্টিটিউট টিকা রপ্তানি করতে পারবে না। খোলাবাজারেও ছাড়তে পারবে না। কারণ, ইন্ডিয়া সরকার এই টিকা সবচেয়ে ঝুঁকিতে থাকা লোকজনকে দিতে চায়। সরকারের এই সিদ্ধান্তের প্রতি তারা শ্রদ্ধাশীল।
করোনার দুটি টিকা ব্যবহারের অনুমোদন দিয়েছে ইন্ডিয়া। টিকা দুটি হলো ভারত বায়োটেকের কোভ্যাক্সিন ও সেরাম ইনস্টিটিউটে প্রস্তুতকৃত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা।

