ইন্টারনেট থেকে আল-জাজিরার প্রতিবেদনটি ‘সরাতে’ হাইকোর্টের নির্দেশ

ইন্টারনেট থেকে আল-জাজিরার প্রতিবেদনটি ‘সরাতে’ হাইকোর্টের নির্দেশ

উত্তরদক্ষিণ | বুধবার, ১৭ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট: ১৬:৪৩

আন্তর্জাতিক গণমাধ্যম আল-জাজিরায় প্রচারিত ‘অল দ্য প্রাইম মিনিস্টারস মেন’ তথ্যচিত্রটি অনলাইন প্ল্যাটফর্ম থেকে সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। তবে বাংলাদেশে আল জাজিরার সম্প্রচার বন্ধের বিষয়ে কোনও আদেশ দেননি হাইকোর্ট। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন। অন্যদিকে রিটের পক্ষে শুনানিতে ছিলেন রিটকারী ব্যারিস্টার এনামুল কবীর ইমন। বিটিআরসির পক্ষে শুনানিতে ছিলেন খন্দকার রেজা-ই রাকিব।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) উভয়পক্ষের শুনানি শেষে রিট আবেদনটির চূড়ান্ত নিষ্পত্তি করে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। বিটিআরসিকে এ নির্দেশ বাস্তবায়ন করতে বলেছেন আদালত।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জড়িয়ে আল–জাজিরার প্রচারিত তথ্যচিত্র ‘অল দ্য প্রাইম মিনিস্টারস মেন’ প্রসঙ্গে জ্যেষ্ঠ আইনজীবী কামাল উল আলম হাইকোর্টকে বলেন, ঘণ্টাব্যাপী একটি প্রতিবেদন সম্প্রচার করা হলো। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম বলা হচ্ছে। অভিযোগ করা হচ্ছে। কিন্তু প্রতিবেদনটিতে তার (প্রধানমন্ত্রী) সঙ্গে কোনও যোগসূত্র দেখানো হয়নি। গণতান্ত্রিকভাবে নির্বাচিত রাষ্ট্রের প্রধান ব্যক্তিকে বিতর্কিত করা হলে রাষ্ট্রকেই বিতর্কিত করা হয়।

তিনি আরও বলেন, এখানে রিট আবেদনকারীর সংক্ষুব্ধ হওয়ার যৌক্তিকতা নেই। রিটটি গ্রহণযোগ্য নয়। তার পাশাপাশি অ্যামিকাস কিউরি হিসেবে দায়িত্ব পাওয়া জ্যেষ্ঠ আইনজীবী এজে মোহাম্মদ আলী ও ফিদা এম কামালও রিট গ্রহণযোগ্য নয় বলে মত দেন। তবে অ্যামিকাস কিউরি হিসেবে আইনজীবী আবদুল মতিন খসরু রিট আবেদনটির গ্রহণযোগ্যতার বিষয়ে মতামত দেন।

অন্যদিকে আইনজীবী প্রবীর নিয়োগী ক্ষেত্র বিশেষে রিটটি গ্রহণযোগ্য নয় বলে মত দেন। আর আইনজীবী ড. শাহদীন মালিক রিট আবেদনটির গ্রহণযোগ্যতার বিষয় আদালতের ওপর ছেড়ে দিয়ে বলেন, আদালত চাইলে রিটটি শুনানির জন্য গ্রহণ করতে পারেন।

এর আগে, গত ১৫ ফেব্রুয়ারি হাইকোর্টের নির্দেশে নিয়োগপ্রাপ্ত ছয় অ্যামিক্যাস কিউরি (আদালতের বন্ধু) এ বিষয়ে তাদের মতামত হাইকোর্টের কাছে তুলে ধরেন।

এক বিবৃতিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, আল-জাজিরার প্রতিবেদনটির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা হচ্ছে। দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করার অসৎ উদ্দেশ্যে এ প্রতিবেদন করা হয়েছে। যারা আগেও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করেছে, তারাই এর সঙ্গে যুক্ত বলে দাবি করে আইএসপিআর। এর আগে গত ১ ফেব্রুয়ারি ‘অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন’ শিরোনামে আল-জাজিরায় একটি প্রতিবেদন প্রচারিত হয়। ওই প্রতিবেদনে বাংলাদেশ সরকার ও সেনাবাহিনীসহ বিভিন্ন আইনপ্রয়োগকারী সংস্থার বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ সেনাবাহিনী এ প্রতিবেদনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading