প্রথম ডোজের ভ্যাকসিন প্রত‌্যেক এলাকায় সরবরাহ করা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

প্রথম ডোজের ভ্যাকসিন প্রত‌্যেক এলাকায় সরবরাহ করা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

উত্তরদক্ষিণ | বুধবার, ১৭ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট: ১৭:০৬

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, স্থানীয়দের হার ও চাহিদা অনুযায়ী প্রথম ডোজের ভ্যাকসিন প্রত‌্যেক এলাকায় সরবরাহ করা হয়েছে। আপনারা সবাই নিশ্চিন্তে ভ‌্যাকসিন নিন। দেশে ভ্যাকসিনের কোনো অভাব নেই, ভবিষ্যতেও হবে না।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা ডেন্টাল কলেজে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ও মুজিব কর্নারের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ে গত সাত বছরের কাজের অভিজ্ঞতা তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী বলেন,‘গত সাত বছর ধরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, মন্ত্রী হিসেবে কাজ করছি। দেখেছি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্বাস্থ্যসেবা কোথা থেকে কোথায় এগিয়ে গেছে। প্রধানমন্ত্রী সম্প্রতি ২০টি মেডিক‌্যাল কলেজ হাসপাতালের অনুমোদন দিয়েছেন। ৪ টি মেডিক‌্যাল বিশ্ববিদ্যালয় হয়েছে। প্রত‌্যেক জেলায় ১০ বেডের আইসিইউ বেড,১০ বেডের ডায়ালাইসিস সেন্টার হচ্ছে। ৮ বিভাগে ৮ টি ১৫ তলাবিশিষ্ট ক্যান্সার হাসপাতাল নির্মাণের কাজ শুরু হচ্ছে আগামী মাস থেকেই।’ জাহিদ মালেক আরো বলেন, আজকে আমাদের সংক্রমণের হার অনেক কম।

স্বাস্থ‌্যমন্ত্রী বলেন, ‘কোনো কোনো কেন্দ্রে এই চাহিদা ও রেজিস্ট্রেশনের হার তুলনামূলক অনেক বেশি হয়ে গেছে। এ কারণে কিছু কেন্দ্রে ভ্যাকসিন স্বল্প সময়ের জন্য কমে গেলেও সময়মতো সেখানে চাহিদামতো পাঠিয়ে দেওয়া হবে। আর,ভ্যাকসিন নিতে ইচ্ছুক যেকোনো ব্যক্তি সুরক্ষা অ‌্যাপে রেজিস্ট্রেশন করলে তিনি দুদিন আগে পরে ভ্যাকসিন অবশ্যই পাবেন। এছাড়া কোনো কেন্দ্রে রেজিস্ট্রেশন করা ব্যক্তির সংখ্যা বেশি হলে তারিখ কিছুটা পেছনে চলে গেলেও ভ্যাকসিন পেতে কোনো সমস্যা হবে না। কারণ,শুরুতেই দেশে ৭০ লাখ ভ্যাকসিন আনা হয়েছে। আবার এরই মধ্যে ২২ ফেব্রুয়ারি দেশে আরও ২৫ লাখ ভ্যাকসিন আনা হচ্ছে। এভাবে প্রতি মাসেই নিয়মিত ভ্যাকসিন আনা হবে। ফলে ভ্যাকসিনের অভাব কখনোই হবে না।’

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading