বিগ বস বিজয়ী রুবিনা
উত্তরদক্ষিণ | সোমবার, ২২ ফেব্রুয়ারি, ২০২১ | আপডেট: ১৬:০০
ইন্ডিয়ার সবচেয়ে জনপ্রিয় টিভি রিয়েলিটি শো ‘বিগ বস’ এর ১৪তম আসরে বিজয়ী হয়েছেন রুবিনা দিলায়েক।
রবিবার (২১ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হয়েছে ‘বিগ বস ১৪’-এর গ্র্যান্ড ফিনালে।
ইন্ডিয়ান গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, পাঁচজন প্রতিযোগী নিয়ে শুরু হয় ‘বিগ বস ১৪’-এর গ্র্যান্ড ফিনালে। এতে প্রথম রানার আপ হয়েছেন গায়ক রাহুল বৈদ্য, তৃতীয় স্থানে রয়েছেন অভিনেত্রী নিক্কি তাম্বলি। চতুর্থ ও পঞ্চম স্থান অধিকার করেছেন রাখি সাওয়ান্ত ও আলি গনি। এ আসরের বিজয়ী রুবিনা পুরস্কার হিসেবে পেয়েছেন একটি ট্রফি ও ৩৬ লাখ রুপি।
এই প্রতিযোগিতার ১৪০ দিনের বেশি সময় বিগ বসের ঘরে থাকার পর বিজয়ীর ট্রফি ছিনিয়ে আনলেন টেলিভিশন পর্দার জনপ্রিয় চরিত্র ‘ছোটি বহু’ রূপায়নকারী এই তারকা। তবে বিগ বসের ঘরে রুবিনার শুরুটা সহজ ছিল না। প্রথম দিনেই বাতিলের স্ট্যাম্প নিয়ে পৃথক সারিতে বসতে হয়েছিল তাকে। উপস্থাপক সালমান খানও তাকে নিয়ে কম রসিকতা করেননি। আগে আসা সত্ত্বেও তাকে টপকে একের পর এক প্রতিযোগী ঢুকে গিয়েছিলেন বিগ বসের ঘরে।

