ভোট গ্রহণ চলছে ২৯ পৌরসভায়
উত্তরদক্ষিণ | রবিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২১ | আপডেট: ০৯:১০
পৌরসভা নির্বাচনের পঞ্চম ধাপে মেয়র ও কাউন্সিলর পদে নতুন জনপ্রতিনিধি বেছে নিতে ভোট দিচ্ছেন ২৯ পৌর এলাকার পৌনে ১৪ লাখ ভোটার। রবিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে এসব পৌর এলাকায় ইভিএমে ভোটগ্রহণ শুরু হয়েছে, চলবে বিকেল ৪টা পর্যন্ত।
নির্বাচনী এলাকায় পুলিশ, র্যাব ও বিজিবির বাড়তি সদস্য মাঠে নেমেছেন। আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে নির্বাহী ও বিচারিক হাকিমরাও মাঠে রয়েছেন।
ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার বলেন, “নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য সমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা আশা করি- ফ্রি, ফেয়ার, পার্টিসিপেটারি এবং উৎসবমুখর পরিবেশে একটি নির্বাচন অনুষ্ঠিত হবে।” করোনাভাইরাসের মহামারীর মধ্যে এ নির্বাচনে স্বাস্থ্যবিধি মেনেই ভোটগ্রহণের ব্যবস্থা হয়েছে বলে আশ্বস্ত করেছে ইসি।
পঞ্চম ধাপে আজ যেসব পৌরসভায় ভোট গ্রহণ চলছে সেগুলো হলো: চট্টগ্রামের মীরসরাই, বারইয়ারহাট ও রাঙ্গুনিয়া; জামালপুর সদর, মাদারগঞ্জ ও ইসলামপুর; রাজশাহীর চারঘাট ও দুর্গাপুর; ভোলা সদর ও চরফ্যাশন; চাঁদপুরের মতলব ও শাহরাস্তি; ঝিনাইদহের কালীগঞ্জ ও মহেশপুর; লক্ষ্মীপুরের রায়পুর, চাঁপাইনবাবগঞ্জের নাচোল, হবিগঞ্জ সদর, বগুড়া সদর, মানিকগঞ্জের সিঙ্গাইর, কিশোরগঞ্জের ভৈরব, যশোরের কেশবপুর, মাদারীপুর সদর, রংপুরের হারাগাছ, ব্রাহ্মণবাড়িয়া সদর, জয়পুরহাট সদর, মাদারীপুরের শিবচর, ময়মনসিংহের নান্দাইলও গাজীপুরের কালীগঞ্জ এবং নীলফামারীর সৈয়দপুর।

