পুত্র-পুত্রবধূসহ করোনায় আক্রান্ত মৌসুমী
উত্তরদক্ষিণ | শুক্রবার ০২ এপ্রিল ২০২১
আপডেট: শনিবার ০৩ এপ্রিল ২০২১| ০৪.৩০
করোনায় আক্রান্ত হয়েছেন তারকা জুটি মৌসুমী ও ওমর সানী দম্পতির ছেলে ফারদিন ও নব পুত্রবধূ সাদিয়া রহমান আয়েশা। তাদের সঙ্গে নন্দিত অভিনেত্রী মৌসুমীও আক্রান্ত হয়েছেন। এই বিষয়টি নিশ্চিত করেন ওমর সানি নিজেই।
ওমর সানি তার ফেসবুকে স্ট্যাটাসে লিখেন, ‘আমার স্ত্রী আমার ছেলে নতুন বৌমা বাসার অন্য সদস্য এবং আত্মীয়-স্বজন আমার প্রিয় জন কিছু মানুষ, সবাই অসুস্থ, আপনারা দোয়া করবেন সবাই যেন সুস্থ হয়ে যায়, আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন সুস্থ রাখে আমাকে।’
চিকিৎসকের পরামর্শে বাসাতেই চিকিৎসা নিচ্ছেন তারা। করোনা থেকে মুক্তি পেতে পরিবারের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী।
কয়েকদিন আগেও ধুমধাম করে একমাত্র ছেলে ফারদিনের বিয়ে দিয়েছেন। সেই সঙ্গে বিয়ের দাওয়াতে আসা কয়েকজন আত্মীয়স্বজনও করোনায় আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত করেছেন ওমর সানী নিজেই।

