চলচ্চিত্র দিয়ে ফিরলেন ঈশিতা
উত্তরদক্ষিণ | বুধবার, ২ জুন ২০২১ | আপডেট ০২:৫৫
দীর্ঘ প্রায় দেড় বছর পর আবারো ক্যামেরার সামনে দাঁড়ালেন ছোট পর্দার নন্দিত অভিনেত্রী রুমানা রশিদ ঈশিতা। তবে এটি নাটক নয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র।
অভিনয়ে ফেরার বিষয়ে ঈশিতা বলেন, ‘অনেকদিন পর কাজ করলাম, প্রায় দেড় বছর তো হবেই! সর্বশেষ গত বছরের জানুয়ারিতে কাজ করেছিলাম। বর্তমান পরিস্থিতিতে কাজ করতে খুবই ভয় পাই। তারপরও ভয়ে ভয়ে কাজটা করেছি। এটা খুবই সুন্দর একটি পারিবারিক গল্পের কাজ। আমার খুব ভালো লেগেছে।’
‘নট আউট’ নামে এ চলচ্চিত্র পরিচালনা করেছেন মিজানুর রহমান আরিয়ান। জনপ্রিয় নাট্যনির্মাতা মিজানুর রহমান আরিয়ানের সঙ্গে এটাই ঈশিতার প্রথম কাজ।
এ চলচ্চিত্রে আরো অভিনয় করেছেন—ওয়াহিদা মল্লিক জলি, খাইরুল বাশার প্রমুখ। আগামী ঈদুল আজহায় বেসরকারি একটি টেলিভিশন চ্যানেল ও ইউটিউবে মুক্তি পাবে চলচ্চিত্রটি।
এ ব্যাপারে ঈশিতা বলেন—‘খুব ধরে ধরে কাজ করেন আরিয়ান। খুবই সুন্দর ও গোছানো কাজ তার। তার সঙ্গে কাজ করে আমার অনেক ভালো লেগেছে।’
এর আগে গত বছরের জানুয়ারিতে সর্বশেষ ‘ইতি, মা’ ও ‘কেন’ শিরোনামে দুটি নাটকে কাজ করেছিলেন। তারপর করোনা সংকটের কারণে ঘরবন্দি সময় কাটিয়েছেন।

