প্রায় এক মাস পর হিলি দিয়ে পেঁয়াজ আমদানি শুরু
উত্তরদক্ষিণ | শুক্রবার, ৪ জুন ২০২১ | আপডেট ১৩:৩০
দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে প্রায় এক মাস বন্ধের পর ইম্পোর্ট পারমিট (আইপি) পাওয়ায় আবারও পেঁয়াজ আমদানি শুরু হয়েছে।
বৃহস্পতিবার (৩ জুন) বিকেলে ইন্ডিয়া থেকে পারমিটের চার গাড়ি পেঁয়াজ আমদানি করে রায়হান ট্রেডার্স। এদিকে, পেঁয়াজ আমদানি হওয়ায় কমতে শুরু করেছে হিলি বাজারে পেঁয়াজের দাম।
শুক্রবার (৪ জুন) সকালে হিলি বাজার ইন্ডিয়া থেকে পেঁয়াজ আমদানি করায় দাম কমে গেছে। একদিনের ব্যবধানে পেঁয়াজের দাম কমেছে কেজিতে ৮ টাকা। গতকাল বৃহস্পতিবার সকালে যে পেঁয়াজ পাইকারি বাজারে বিক্রি হয়েছে ৪৫ থেকে ৪৬ টাকা, আজ সকালে সেই পেঁয়াজ পাইকারি হচ্ছে ৩৭ থেকে ৩৮ টাকা।
হিলি সিঅ্যান্ডএফ এজেন্ট এন,কে ট্রেডার্সের জাকির হোসেন বলেন, ‘আমার সিঅ্যান্ডএফ, এর মধ্যমে রায়হান ট্রেডার্সের চার গাড়িতে ৯৫ মেট্রিকটন পেঁয়াজ আমদানি হয়েছে। আগামীতেও আরও পেঁয়াজ আমদানি হবে।’
হিলি আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন জানান, আইপি না থাকায় ইন্ডিয়া থেকে পেঁয়াজ আমদানি বন্ধ ছিলো। পেঁয়াজ আমদানির পারমিট আমদানিকারকরা পেয়েছেন। গতকাল থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। দামও অনেকটা কমে গেছে, পেঁয়াজ আমদানি চলমান থাকবে। আশা করছি আগামীতে আরও পেঁয়াজ আমদানি হবে এবং পেঁয়াজের দাম আরও কমে যাবে।

