বাংলাদেশে এবার ভ্যাট পরিশোধ করল গুগল
উত্তরদক্ষিণ| বৃহস্পতিবার, ৫ আগস্ট ২০২১| আপডেট ১৮:৩৫
বিশ্বের সর্বাধিক জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল বাংলাদেশের জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) ২ কোটি ২৯ লাখ টাকা মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট পরিশোধ করেছে। গত মে ও জুন মাসের ভ্যাটের রিটার্ন দিয়ে প্রতিষ্ঠানটি সরকারি কোষাগারে এ টাকা জমা করেছে। আজ বৃহস্পতিবার (৫ আগস্ট) ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেট সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, গত মে মাসের ভ্যাট রিটার্নের বিপরীতে ৫৫ লাখ ৭৭ হাজার ৭০৪ টাকা ভ্যাট দিয়েছে গুগল। আর জুন মাসের রিটার্নের বিপরীতে দিয়েছে ১ কোটি ৭৩ লাখ ৭৬ হাজার ৮৩২ টাকা। প্রথমবারের মত সিঙ্গাপুরের সিটি ব্যাংক-এনএ এর শাখার মাধ্যমে ভ্যাটের এই অর্থ পরিশোধ করেছে গুগল।
গত ২৩ মে প্রথম অনাবাসী প্রতিষ্ঠান হিসেবে গুগল ভ্যাটের নিবন্ধন নেয়। কিন্তু প্রস্তুতির জন্য মে ও জুন মাসের রিটার্ন জমার জন্য সময় চেয়েছিল প্রতিষ্ঠানটি। ভ্যাট বিভাগ সেই আবেদনে সাড়া দেয়। এখন ওই দুই মাসের রিটার্ন জমা দিল গুগল।
ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেটের কমিশনার এস এম হুমায়ন কবির বলেন, গুগলের কাছ থেকে মে ও জুন মাসের ভ্যাট রিটার্ন এসেছে।
এর আগে গত মাসে প্রথমবারের মতো কোনও অনাবাসী প্রতিষ্ঠান হিসেবে ফেসবুক ভ্যাট রিটার্ন দিয়ে ২ কোটি ৪৪ লাখ টাকা সরকারি কোষাগারে জমা দিয়েছিল।
ইউডি/এজে

