বিশ্বকাপে খেলবেন না তামিম ইকবাল

বিশ্বকাপে খেলবেন না তামিম ইকবাল
Bangladesh's Tamim Iqbal attends a training session at The County Ground in Taunton, south-west England, on June 16, 2019, ahead of their 2019 World Cup match against West Indies. (Photo by Saeed KHAN / AFP) (Photo credit should read SAEED KHAN/AFP via Getty Images)

উত্তরদক্ষিণ| বুধবার, ১ সেপ্টেম্বর ২০২১ | আপডেট ১৫:৪৫

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের ওপেনার তামিম ইকবাল। নিজের সিদ্ধান্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন ও নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুকে জানিয়েছেন তামিম।

তামিম বলেন, ‘কিছুক্ষণ আগে আমাদের বোর্ড প্রেসিডেন্ট পাপন ভাই, আমাদের চিফ সিলেক্টর নান্নু ভাইকে আমি ফোন করেছিলাম। ফোন করে তাদের সঙ্গে কিছু জিনিস আমি শেয়ার করেছি। যেটা আমি সবার সঙ্গে শেয়ার করতে চাই। আমি তাদের বলেছি যে, আমার মনে হয় না আমার ওয়ার্ল্ড কাপ টিমে থাকা উচিত।’

‘সবচেয়ে বড় কারণ, বেশ কিছুদিন ধরে আমি এই ফরম্যাটটা খেলছি না। আর দ্বিতীয়ত ইনজুরি। কিন্তু আমার মনে হয় না ইনজুরি এতো বড় সমস্যা। আমি আশা করি যে ওয়ার্ল্ড কাপের আগে ঠিক হয়ে যাবে। কিন্তু যে জিনিসটা আমার কাছে প্রধান মনে হয়, এই সিদ্ধান্ত নিতে যে ব্যাপারটা বড় ভূমিকা রেখেছে সেটি হলো-যেহেতু আমি সর্বশেষ ১৫-১৬টা টি-টোয়েন্টি খেলি নাই, এই সময়টাতে আমার জায়গায় যারা খেলছিল, আমার মনে হয় না এটা ফেয়ার হবে তাদের প্রতি। যদি আমি হঠাৎ করে এসে তাদের জায়গাটা আমি নিয়ে নেই।’ – যোগ করেন তামিম।

হাঁটুর চোটের মাঠের বাইরে আছেন তামিম। তার পুনবার্সন চলছে। মাঠে ফেরার লড়াইয়ে থাকা এ ক্রিকেটারকে বিশ্বকাপের জন্য বিবেচনাও করা হচ্ছিল। নির্বাচকরা গণমাধ্যমে বলেছিলেন, ফিট হলে তামিম বিশ্বকাপে খেলবে।’ ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খানও একই কথা বলেছেন।

তামিম বিশ্বকাপর আগে ফিটও হয়ে যেতেন। কিন্তু দীর্ঘদিন ধরে টি-টোয়েন্টি ক্রিকেট না খেলায় বিশ্বকাপ খেলার জন্য নিজেকে উপযুক্ত মনে করছেন না তিনি। বাংলাদেশের হয়ে তামিম সবশেষ টি-টোয়েন্টি খেলেছেন গত বছরের মার্চে, জিম্বাবুয়ের বিপক্ষে। এরপর বাংলাদেশ ১২টি টি-টোয়েন্টি খেললেও নানা কারণে তামিম ছিলেন না। অনুশীলনের ঘাটতি এবং অনান্য পারিপার্শ্বিকতা মিলিয়ে এবার বিশ্বকাপ থেকেও নিজেকে সরিয়ে নিলেন বাঁহাতি ওপেনার।

তবে টি-টোয়েন্টি ক্রিকেট চালিয়ে যাবেন তামিম। সেই ঘোষণাও দিয়েছেন, ‘আমি টি-টোয়েন্টি থেকে অবসর নিচ্ছি না। কিন্তু সম্ভবত এ বিশ্বকাপ আমার খেলা হবে না। আমার মনে হয় এটা ফেয়ার ডিসিশন। তরুণ যারা ওপেন করছে জাতীয় দলের হয়ে ওদের সুযোগ পাওয়া উচিত। আমার থেকে ওদের প্রস্তুতি ভালো। তারা আরও ভালো সার্ভিস দেবে আমাদেরকে। আমি নিজের সিদ্ধান্তে অনড় থাকবো। নতুন করে কিছু বলার নাই। আশা করছি আমার প্রাইভেসি রক্ষা করবে, সিদ্ধান্তকে সম্মান করবেন। বিতর্কিত কিছু নেই। আমি যেটা অনুভব করেছি সেটা করেছি। মানুষ হিসেবে আমি কেমন সেটা অনেকেই চেনেন না। যারা চেনেন তারা জানেন, আমি যেটা করি সেটা হৃদয় থেকেই করি। আমার মন তাই বলছে, যে সিদ্ধান্ত আমি নিয়েছি সেটা সঠিক এবং সঠিক সময়ে নিয়েছি। ইনশাআল্লাহ এর মধ্যে দেশে কিংবা বাইরে কোনো খেলা থাকলে সেখানে তো খেলার চেষ্টা করবো। সামনে তো আরও খেলা আছে সেখানে দেখা হবে।’

ওমানে বিশ্বকাপের প্রথম পর্ব খেলে মূল পর্বে জায়গা পেতে হবে বাংলাদেশকে। প্রথম পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ স্কটল্যান্ড, পাপুয়া নিউ গিনি ও ওমান। ১৭ অক্টোবর বাংলাদেশের প্রথম ম্যাচ স্কটল্যান্ডের বিপক্ষে। ১৯ ও ২১ অক্টোবর বাংলাদেশ খেলবে ওমান ও পাপুয়া নিউ গিনির বিপক্ষে।

কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading