পারিবারিক সহিংসতা বেড়েছে অনলাইন জুয়ার কারণে : ডিএমপি
উত্তরদক্ষিণ । বুধবার, ২৩ ফেব্রুয়ারি ২০২২ । আপডেট ১৫:৪৫
ডিবির প্রধান ও ডিএমপি’র অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার বলেছেন, অনলাইন জুয়ার কারণে ডমেস্টিক ভায়োলেন্স বাড়ছে। বুধবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
হাফিজ আক্তার বলেন, দেশের জুয়ার সাইটগুলো রাশিয়া, ইন্দ্রোনেশিয়া ও ইন্ডিয়া থেকে পরিচালিত হয়। আমাদের দেশে যারা থাকেন, তারা মাস্টার এজেন্ট। বিদেশে যারা পরিচালনা করেন, তারা সুপার এজেন্ট। যখন আইপিএল ও বিপিএল খেলাগুলো চলে তখন তারা বাজি ধরে।
এর আগে ১৯ ফেব্রুয়ারি অনলাইন জুয়ার দেশীয় মাস্টার এজেন্টসহ তিন ব্যক্তিকে ঢাকার খিলগাঁও এলাকা থেকে গ্রেফতার করে ডিবি। তারা হলেন— তরিকুল ইসলাম বাবু (২৮), রানা হামিদ (২৬) ও সুমন মিয়া (২৫)। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে একটি প্রাইভেট কার, নগদ ১১ লাখ ৮০ হাজার টাকা, ৪টি বিভিন্ন মডেলের মোবাইল ফোন, ৫টি সিম কার্ড, বিভিন্ন ব্যাংকের ১৩টি অ্যাকাউন্ট নম্বর ও ২৩টি মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট জব্দ করা হয়।
ডিবি বলছে, এই ব্যক্তিরা দেশে বিভিন্ন লিংকের মাধ্যমে অনলাইনে জুয়া পরিচালনা করতেন। তবে এই অনলাইন জোয়ার এডমিন পরিচালনা করা হতো রাশিয়া ও ইন্দোনেশিয়া ও ইন্ডিয়া থেকে। চক্রটি ব্যাংক অ্যাকাউন্ট এবং মোবাইল ব্যাংক অ্যাকাউন্টগুলোতে প্রায় ১৫ থেকে ২০ কোটি টাকা লেনদেন করেছে। তরিকুল রানা ও সুমন অনলাইন জুয়ার মাধ্যমে গাড়ি-বাড়ি-জমি করেছে।
হাফিজ আক্তার বলেন, এ চক্রটির আমরা তিন জনকে গ্রেফতার করেছি। এখনও ৫০ থেকে ৬০ জন পলাতক আছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।
গ্রেফতার হওয়াদের বিরুদ্ধে রমনা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা হয়েছে। তারা রিমান্ডে রয়েছে।
ইউডি/সুপ্ত

